ভৈরব শহর আ.লীগের কমিটি বিলুপ্ত, দ্বন্দ্বে নতুন মাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের ভৈরব শহর আওয়ামী লীগের কমিটি বিলুপ্ত করে গত সোমবার রাতে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ভৈরব উপজেলা আওয়ামী লীগের কমিটি বিলুপ্তির এক মাস ২০ দিনের মাথায় এ পদক্ষেপ নেওয়া হলো।
দলীয় সূত্রগুলো বলছে, উপজেলা আওয়ামী লীগের কমিটি বিলুপ্তি নিয়ে ওই কমিটির সভাপতি মো. সায়দুল্লাহ মিয়া ও সাধারণ সম্পাদক আবুল মনসুরের মধ্যে দ্বন্দ্ব প্রকাশ্যে আসে। পরে যে আহ্বায়ক কমিটি গঠিত হয়, তাতে মনসুর পক্ষের কারও জায়গা হয়নি। এবার শহর কমিটির মাধ্যমেও মনসুর পক্ষকে কোণঠাসা করা হলো। কারণ, সদ্য গঠিত কমিটির আহ্বায়ক জাকির হোসেন ও সদস্যসচিব এনামুল হকসহ ২৫ সদস্যের সবাই সায়দুল্লাহ পক্ষের বলে পরিচিত। আর বিলুপ্ত কমিটির সভাপতি ইফতেখার হোসেন ও সাধারণ সম্পাদক শেফায়েত উল্লাহ দুজনই মনসুর পক্ষের অনুসারী। তাঁরা এ সিদ্ধান্তের বিরুদ্ধে সাংগঠনিক প্রক্রিয়ায় প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দিয়েছেন।
দলীয় নেতা-কর্মীরা বলছেন, ২০০২ সালের সেপ্টেম্বর মাসে ইফতেখারকে সভাপতি ও শেফায়েতকে সাধারণ সম্পাদক করে ৬৭ সদস্যবিশিষ্ট শহর আওয়ামী লীগের কমিটি গঠিত হয়। ১১ বছর আগে মেয়াদোত্তীর্ণ হলেও নতুন কমিটি দিতে ব্যর্থ হয়েছেন তাঁরা। পাশাপাশি সাত বছর আগে উপজেলা আওয়ামী লীগে সায়দুল্লাহ ও মনসুরের নেতৃত্বে পৃথক বলয় সৃষ্টি হলে ইফতেখার ও শেফায়েত দুজনই মনসুরের পক্ষ নেন। সায়দুল্লাহর পক্ষের কাছে মনসুরের পক্ষ কোণঠাসা হওয়ায় এ দুজনও দলে কোণঠাসা ছিলেন।
সর্বশেষ গত ৬ জুন উপজেলা আওয়ামী লীগের কমিটি বিলুপ্ত করে আহ্বায়ক কমিটি গঠন করে জেলা আওয়ামী লীগ। আহ্বায়ক কমিটিতে সায়দুল্লাহ ও মনসুর কারোরই জায়গা হয়নি। তবে কমিটির আহ্বায়ক পৌর মেয়র ফখরুল আলমসহ সবাই সায়দুল্লাহর অনুসারী হিসেবে পরিচিত। ফখরুল আলমই শহর আওয়ামী লীগের কমিটি বিলুপ্ত করে ২৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দেন। সোমবার রাতে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ-সংক্রান্ত সভায় তিনি সভাপতিত্ব করেন।
এর আগে গত ২৩ জুন শহর আওয়ামী লীগের সায়দুল্লাহ পক্ষের অনুসারীরা সভাপতি ও সাধারণ সম্পাদককে বাদ দিয়ে দলীয় কার্যালয়ে সভা করেন। বর্তমান আহ্বায়ক জাকির হোসেনের সভাপতিত্বে সেই সভায় ছয়জন সহসভাপতিসহ কমিটির ৪৩ জন সদস্য উপস্থিত ছিলেন। পরে তাঁরা স্থানীয় সংসদ সদস্যের কাছে কমিটি বিলুপ্তির বিষয়ে লিখিত আবেদন করেন।
দলীয় নেতা-কর্মীরা বলছেন, এক মাসের ব্যবধানে দুটি কমিটি বিলুপ্তির মাধ্যমে রাজনৈতিকভাবে কোণঠাসা করা হলো মনসুর পক্ষকে। কারণ, এখন দুটি আহ্বায়ক কমিটির সব সদস্যই সায়দুল্লাহর বলয়ভুক্ত। এই মুহূর্তে সায়দুল্লাহ মিয়া কমিটির বাইরে থাকলেও সবকিছুই তাঁর ইঙ্গিতে হচ্ছে।
শহর কমিটি বিলুপ্তির সিদ্ধান্তের বিরুদ্ধে সাংগঠনিক প্রক্রিয়ায় প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দিয়েছেন বিলুপ্ত কমিটির সভাপতি ইফতেখার হোসেন ও সাধারণ সম্পাদক শেফায়েত উল্লাহ। ইফতেখার বলেন, আওয়ামী লীগের গঠনতন্ত্রে বলা আছে, জেলা সদরে অবস্থিত ও ‘ক’ শ্রেণির পৌরসভাগুলোর শহর কমিটি সাংগঠনিক থানার মর্যাদা পাবে। ভৈরব ‘ক’ শ্রেণির পৌরসভা। সেই কারণে ভৈরব উপজেলা আওয়ামী লীগ ও শহর আওয়ামী লীগ উভয়ই ৬৭ সদস্যবিশিষ্ট। ফলে একই পদমর্যাদার কমিটি অন্য কমিটি বিলুপ্ত করার এখতিয়ার রাখে না। তিনি বলেন, বিষয়টি তাঁরা প্রথমে সাংগঠনিক প্রক্রিয়ায় মোকাবিলা করবেন। তা না হলে আন্দোলনে যাবেন।
অভিযোগ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ফখরুল আলম বলেন, ‘যা করেছি, বুঝেশুনে করেছি। বিশেষ করে কেন্দ্রীয় আওয়ামী লীগের পরামর্শ অনুযায়ী মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিল করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। যত শিগগিরই সম্ভব নতুন কমিটি উপহার দিতে বলা হয়েছে।’