ভৈরবে আ.লীগ বিভক্ত
‘ভৈরবে আওয়ামী লীগ বিভক্ত। আমার নেতৃত্বে আছে দলের একাংশ। সদ্যবিলুপ্ত কমিটির সভাপতি সায়দুল্লাহ মিয়া আমার প্রতিপক্ষ হয়ে রাজনীতি করছেন।’
কিশোরগঞ্জের ভৈরব উপজেলা আওয়ামী লীগের বর্তমান অবস্থা নিয়ে সংবাদ সম্মেলনে এভাবে অকপটে বললেন সদ্যবিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক আবুল মনসুর।
গতকাল রোববার সকালে ভৈরব প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন হয়। এতে আবুল মনসুর সদ্যগঠিত আহ্বায়ক কমিটি নিয়ে নিজের অবস্থান খোলামেলাভাবে জানিয়ে দেন।
মনসুর বলেন, ‘দুঃখজনক হলেও সত্য, ১৭ সদস্যের আহ্বায়ক কমিটির সবাই সায়দুল্লাহ মিয়ার অনুসারী। সেখানে আমার পক্ষের কাউকে রাখা হয়নি।’ সংবাদ সম্মেলনে আহ্বায়ক কমিটিকে সায়দুল্লাহর ‘পকেট কমিটি’ অভিহিত করে তা বাতিল, অথবা সংশোধনের দাবি জানানো হয়। তা না হলে বিষয়টি দলের জন্য মঙ্গলজনক হবে না বলে হুঁশিয়ারি দেওয়া হয়।
মনসুরের প্রতি সহমত জানিয়ে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শহর আওয়ামী লীগের সভাপতি ইফতেখার হোসেন ও সাধারণ সম্পাদক শেফায়েত উল্লাহসহ অর্ধশতাধিক নেতা-কর্মী। ইফতেখার হোসেন বলেন, আহ্বায়ক কমিটিতে ইউনিয়ন পর্যায়ের কোনো নেতার স্থান হয়নি। এটি দলের গঠনতন্ত্রবিরোধী। তাই এ কমিটি বাতিল চান তিনি।
‘পকেট কমিটি’ গঠনের অভিযোগের বিষয়ে সায়দুল্লাহ মিয়া বলেন, আহ্বায়ক কমিটি গঠন করেছে জেলা কমিটি। সেখানে তাঁকেও রাখা হয়নি। তাই মনসুরের অভিযোগ সঠিক নয়।
সায়দুল্লাহ মিয়াকে সভাপতি ও আবুল মনসুরকে সাধারণ সম্পাদক করে ২০০২ সালে তিন বছরের জন্য ভৈরব উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটি গঠন করা হয়। বছরের পর বছর পেরোলেও নতুন কমিটি দিতে পারেনি তারা। বরং দুই নেতা প্রকাশ্যে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন।
কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগ ৬ জুন ভৈরব কমিটি বিলুপ্ত করে আহ্বায়ক কমিটি গঠন করে। এ কমিটিকে সায়দুল্লাহ স্বাগত জানালেও এর বিপক্ষে অবস্থান নেন মনসুর।