ভৈরবে আ.লীগের দুই পক্ষে উত্তেজনা
‘তাঁরাই কেনেন, তাঁরাই বেচেন। তাঁরাই ভাগ-বাঁটোয়ারা করেন। তিন বেয়াই মিলে ভাগ-বাঁটোয়ারার রাজনীতি করছেন। তাঁরা দলের অনেক ক্ষতি করছেন।’
আওয়ামী লীগের কিশোরগঞ্জের ভৈরবের তিন নেতাকে ইঙ্গিত করে কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি (টিআর) বরাদ্দের লুটপাটের অভিযোগ এভাবেই প্রকাশ করেছেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সিরাজ উদ্দিন।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয় চত্বরে দলের এক পক্ষের বিরুদ্ধে শহর আওয়ামী লীগের একাংশের ডাকা প্রতিবাদ ও কর্মী সমাবেশে সিরাজ উদ্দিন এসব অভিযোগ করেন। শহর আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি মিজানুর রহমান সমাবেশে সভাপতিত্ব করেন। সিরাজ উদ্দিন ভৈরব উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল মনসুর, শহর আওয়ামী লীগের সভাপতি ইফতেখার হোসেন এবং সাধারণ সম্পাদক শেফায়েত উল্লাহকে ইঙ্গিত করে এসব অভিযোগ করেন।
দলীয় সূত্রে জানা গেছে, কয়েক বছর ধরে ভৈরব আওয়ামী লীগ দুটি ধারায় বিভক্ত হয়ে পড়ে। এক পক্ষের নেতৃত্ব দিচ্ছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সায়দুল্লাহ মিয়া। অপর পক্ষে রয়েছেন সাধারণ সম্পাদক আবুল মনসুর। পরে সাধারণ সম্পাদকের বলয়ভুক্ত হন শহর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং উপজেলা যুবলীগের সভাপতি ওমর ফারুকসহ দলের আরও বেশ কিছু নেতা-কর্মী। সায়দুল্লাহর পক্ষে রয়েছেন কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাবেক মেয়র ফখরুল আলম, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মির্জা সুলায়মান, সিরাজ উদ্দিন, শামছুজ্জামান, উপজেলা যুবলীগের সহসভাপতি আতিক আহমেদসহ দলের আরও বেশ কয়েকজন নেতা-কর্মী।
গত ৬ নভেম্বর শহর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে দলটির ওয়ার্ড কমিটি গঠন শুরু হয়। এর পর থেকে দুই পক্ষের মধ্যে বিরোধ প্রকাশ্যে রূপ নেয়। গত ২৫ নভেম্বর আবুল মনসুর পক্ষ সংবাদ সম্মেলন করে অভিযোগ করেন, সায়দুল্লাহ মিয়া সভাপতি পদের লোভী। এরপর গত বৃহস্পতিবার বিকেলে প্রতিবাদ ও কর্মী সমাবেশ আহ্বান করে সায়দুল্লাহর পক্ষ।
সমাবেশে মির্জা সুলায়মান প্রতিপক্ষকে উদ্দেশ করে বলেন, ‘ক্ষমতায় থাকাকালীন আপনারা কে কত টাকার মালিক হয়েছেন, জনসভা করে সব তথ্য ফাঁস করে দেব। ফেনসিডিল, চোরাকারবারি আর জুয়া বোর্ডের গডফাদার কারা, তা-ও বলে দেব।’
বিএনপির লোক নিয়ে মনসুর রাজনীতি করছেন বলে অভিযোগ তুলে শামছুজ্জামান বলেন, ‘কাকের বাসায় কোকিল বাস করে’। বর্তমান পরিস্থিতিতে স্থানীয় সাংসদ নাজমুল হাসানের নীরব ভূমিকার সমালোচনা করেন শামছুজ্জামান।
বিকেল পৌনে চারটা থেকে সমাবেশ চলে রাত পৌনে নয়টা পর্যন্ত। টানা পাঁচ ঘণ্টার ওই সমাবেশের পুরোটা জুড়ে ছিল প্রতিপক্ষের নেতাদের বিরুদ্ধে বিষোদ্গার, আর কমিটি গঠন প্রতিহত করার হুংকার।
এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে আবুল মনসুর বলেন, ‘কারা লুটপাট করে আর গম খায় তা ভৈরববাসী জানে।’ ইফতেখার হোসেন বলেন, ‘আমি এবং আমার পরিবারের ভৈরববাসীকে দিয়ে যাওয়ার ইতিহাস আছে, নেওয়ার ইতিহাস নেই।’ শেফায়েত উল্লাহ বলেন, ওই আয়োজন কমিটি গঠন বাধাগ্রস্ত করার জন্য। তবে তা তাঁরা করতে পারবেন না বলে তিনি জানান।
এদিকে গতকাল রোববার উভয় পক্ষ একই সময় শহরের জগন্নাথপুর এতিমখানা মাঠে পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ডের সম্মেলন আহ্বান করায় প্রশাসন সেখানে ১৪৪ ধারা জারি করে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে। গতকাল নির্ধারিত স্থানে সম্মেলন করা থেকে বিরত থাকলেও আবুল মনসুর পক্ষ অন্য স্থানে সম্মেলন করার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে শহরের বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।