ভৈরবে আ.লীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ৫০
কিশোরগঞ্জের ভৈরবে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার উপজেলার ভবানীপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় ১৫টি বসতঘর ভাঙচুরের ঘটনাও ঘটে।
গতকাল সকালে উপজেলাটির শ্রীনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির এবং ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি জয়নাল আবেদীন পক্ষের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের মধ্যে হুমায়ুন পক্ষের শরিফ মিয়া, জুয়েল মিয়া ও হারিফ মিয়া এবং জয়নাল পক্ষের ফিরোজ মিয়া ও মাসুদ মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের ভৈরব ও কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, ভবানীপুর গ্রামটি শ্রীনগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে। হুমায়ুন ও জয়নালের বাড়িও ওই গ্রামে। গ্রামটিতে প্রভাব বিস্তার নিয়ে তাঁদের বিরোধ দীর্ঘদিনের। ২০১৫ সালের নভেম্বর মাসে নবীন লীগের কমিটি গঠন নিয়ে পক্ষ দুটির মধ্যে বিরোধ হয়। গত বছরের ৭ মে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময় বিরোধের মাত্রা বাড়ে। ২০১৫ সালের নভেম্বর মাস থেকে গতকাল পর্যন্ত পক্ষ দুটির মধ্যে অন্তত ১০ বার সংঘর্ষ হয়। সংঘর্ষে এ পর্যন্ত উভয় পক্ষের একজন করে দুজন নিহত এবং কয়েক শ সমর্থক আহত হন।
এলাকাবাসী সূত্রে আরও জানা গেছে, আগের বিরোধের জের ধরে গতকাল সকাল সাড়ে সাতটার দিকে হুমায়ুন ও জয়নাল পক্ষের লোকজন ভবানীপুর গ্রামে সংঘর্ষে জড়িয়ে পড়েন। ওই সময় হুমায়ুন পক্ষের হয়ে মাধবপুর এবং জয়নাল পক্ষের হয়ে মৌটুপী গ্রামের লোকজন সংঘর্ষে অংশ নেন। এতে সংঘর্ষ কয়েক গ্রামে ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে সকাল সাড়ে ১০টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
হুমায়ুন কবির অভিযোগ করেন, ‘গ্রামে শান্তি ফিরিয়ে আনার জন্য আমরা প্রস্তুত হচ্ছিলাম। আমার পক্ষের লোকদের শান্ত থাকার নির্দেশ দিয়েছিলাম। কিন্তু জয়নাল নিজের শক্তি সঞ্চয় করার জন্য পাশের গ্রাম মৌটুপীর লোকজনের সঙ্গে আঁতাত করে আজ আমার পক্ষের লোকজনের বাড়িঘরে হামলা চালিয়েছে।’ তিনি দাবি করেন, সংঘর্ষে তাঁর পক্ষের ৩০ জন আহত হয়েছেন। এ ছাড়া ওই পক্ষ তাঁদের ১০টি ঘর ভাঙচুর করেছে।
তবে হামলা চালানোর অভিযোগ অস্বীকার করে জয়নাল আবেদীন বলেন, ‘হুমায়ুনের জন্য শান্তির কোনো উদ্যোগই সফল হচ্ছে না। তিনি কারও কথা শোনেন না, মানেন না। নিজের পক্ষের শক্তি বাড়ানোর জন্য হুমায়ুন এখন পাশের মাধবপুর গ্রামের লোকজনকে হাতে নিয়েছেন। মাধবপুর গ্রামের লোকজনকে সঙ্গে নিয়ে তাঁরা বিনা উসকানিতে সকালে আমার পক্ষের লোকজনের ওপর হামলা চালান।’ তিনি দাবি করেন, হামলায় তাঁর পক্ষের ২০ জন আহত হয়েছেন। হামলাকারীরা তাঁদের পাঁচটি ঘর ভাঙচুর করেছেন।
এ বিষয়ে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম তালুকদার বলেন, জয়নাল ও হুমায়ুন পক্ষের জন্য পুলিশ সদস্যদের সব সময় সতর্ক অবস্থায় রাখতে হয়। দুই নেতার বাড়াবাড়ির কারণে গ্রামের নিরীহ মানুষ বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। গতকালের সংঘর্ষের ঘটনায় কোনো মামলা বা গ্রেপ্তার নেই।