ভৈরবে আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি গঠন
কিশোরগঞ্জের ভৈরব উপজেলা আওয়ামী লীগের কমিটি বিলুপ্ত করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কেন্দ্রীয় কমিটির নির্দেশে জেলা আওয়ামী লীগ গতকাল বুধবার ওই কমিটি গঠন করেছে।
এ বিষয়ে গতকাল সকালে কিশোরগঞ্জ জেলা কমিটির সভাপতির সই করা একটি পত্রের মাধ্যমে ভৈরব উপজেলা আওয়ামী লীগের কাছে এই নির্দেশনা পাঠানো হয়। বিকেলে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ আফজলএই তথ্য নিশ্চিত করেন।
দলীয় সূত্রে জানা গেছে, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও পৌর মেয়র ফখরুল আলমকে আহ্বায়ক ও সদ্য বিলুপ্ত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এস এম বাকী বিল্লাহকে সদস্যসচিব করে ১৭ সদস্যের এই কমিটি গঠন করা হয়। দুপুরের পর থেকে ভৈরবে কমিটি বিলুপ্ত করার কথা ছড়িয়ে পড়ে।
এম এ আফজল বলেন, ‘অনেক বছর আগেই ভৈরবের কমিটির সময়সীমা শেষ হয়ে যায়। এই অবস্থায় কমিটি বিলুপ্ত করা ছাড়া আমাদের হাতে আর কোনো উপায় ছিল না। তা ছাড়া কমিটি বিলুপ্ত করার পেছনে মূলত কেন্দ্রীয় কমিটির নির্দেশনা ছিল।’ তিনি আরও বলেন, আহ্বায়ক কমিটির মেয়াদ ছয় মাস ধরা হয়েছে। এই সময়ের মধ্যে আহ্বায়ক কমিটিকে সম্মেলনের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের কথা বলা হয়েছে।
স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০০২ সালে মো. সায়দুল্লাহ মিয়াকে সভাপতি ও আবুল মনসুরকে সাধারণ সম্পাদক করে তিন বছর মেয়াদি ভৈরব উপজেলা আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়। অন্তত সাত বছর আগ থেকে নেতৃত্ব নিয়ে সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যে বিরোধ দেখা দেয়। এরপর থেকে দল দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে। প্রায় এক বছর ধরে সভাপতির পক্ষ মূল নেতৃত্বে থাকলেও সাধারণ সম্পাদক-বলয় কিছুটা কোণঠাসা হয়ে নেতৃত্ব থেকে দূরে সরে যায়। তবে সভাপতি-বলয়ের নেতৃত্বে পৌর নির্বাচনে মেয়র ও সদ্য শেষ হওয়া ইউপি নির্বাচনে সাতটির মধ্যে ছয়টিতে নৌকা প্রতীকের প্রার্থী বিজয়ী হন।
এ বিষয়ে জানতে চাইলে আহ্বায়ক ফখরুল আলম বলেন, ‘কমিটি বিলুপ্ত হওয়ার কথা শুনেছি। লিখিত কাগজ হাতে পাইনি।’ সদস্যসচিব এম এম বাকী বিল্লাহও একই মন্তব্য করেন।
তবে এ বিষয়ে যুগ্ম আহ্বায়ক মির্জা সুলায়মান বলেন, এই বিষয়ে আগামীকাল (আজ বৃহস্পতিবার) বেলা ১১টায় দলীয় কার্যালয়ে একটি সংবাদ সম্মেলন আহ্বান করা হয়েছে। সংবাদ সম্মেলনে পুরো বিষয়টি স্পষ্ট করা হবে।