ভৈরবে পৌর আ.লীগের আহ্বায়ক কমিটির বিরুদ্ধে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের ভৈরব পৌর আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল হয়েছে। বিলুপ্ত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে গতকাল সোমবার বিকেলে এ কর্মসূচি পালন করা হয়।
পৌর আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয় থেকে বিকেলে মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বিলুপ্ত কমিটির নেতা-কর্মীরা আহ্বায়ক কমিটির বিরুদ্ধে গঠনতন্ত্র লঙ্ঘনের অভিযোগ এনে স্লোগান দেন। পরে তাঁরা শহরের পৌর শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশ করেন। এতে বিলুপ্ত কমিটির সভাপতি ইফতেখার হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল মনসুর, উপজেলা যুবলীগের সভাপতি উমর ফারুক। বক্তারা বলেন, গঠনতন্ত্র অনুযায়ী কমিটি বিলুপ্ত করা বৈধ হয়নি। তাই তাঁরা পৌর কমিটির বৈধ নেতা। পৌর কমিটির ব্যানারে অন্য কেউ কর্মসূচি পালন করতে এলে তাঁরা তাঁদের প্রতিহত করবেন বলেও হুঁশিয়ারি দেন।
দলীয় সূত্রে জানা গেছে, ২০০২ সালের সেপ্টেম্বরে ইফতেখারকে সভাপতি ও শেফায়েত উল্লাহকে সাধারণ সম্পাদক করে পৌর আওয়ামী লীগের ৬৭ সদস্যের কমিটি গঠন করা হয়। মেয়াদোত্তীর্ণ হলেও নতুন কমিটি গঠন করা হয়নি। এদিকে উপজেলা ও পৌর আওয়ামী লীগের মধ্যে দ্বন্দ্ব দেখা দেয়।
এই প্রেক্ষাপটে গত ৬ জুন উপজেলা আওয়ামী লীগের কমিটি বিলুপ্ত করে আহ্বায়ক কমিটি গঠন করে জেলা আওয়ামী লীগ। ২৫ জুলাই আওয়ামী লীগের পৌর কমিটিও বিলুপ্ত করা হয়।