ভোট আছে, উৎসব নেই
কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের প্রথম ছয় ঘণ্টায় ভোটের পরিস্থিতি শান্তিপূর্ণ হলেও ভোটারদের মধ্যে উৎসবের আমেজ নেই।
বৃষ্টির কারণে ভোটারদের উপস্থিতি কিছুটা কম। ইভিএমে অনভিজ্ঞতার কারণে ভোট পড়ার গতিও কম। দীর্ঘ সময় ভোটারদের লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে।
বেলা দুইটা পর্যন্ত নির্বাচন চলাকালে কেন্দ্র দখল বা প্রভাব বিস্তারের মতো বড় কোনো ঘটনা নেই। মেয়র বা কাউন্সিলর প্রার্থীদের মধ্যে কোনো ধরনের পাল্টাপাল্টি ধাওয়া হয়নি।
সকাল আটটা থেকে কুমিল্লা সিটি করপোরেশনের ভোট গ্রহণ শুরু হয়েছে। সাতটি কেন্দ্র ঘুরে দেখা যায়, ভোট শুরুর পর বৃষ্টিতে ভোটারদের উপস্থিতিতে ব্যাঘাত ঘটেছে। ভোট দিতে আসা অনেকে বৃষ্টিতে ভিজে যান। ইভিএমের কারণে ভোট দিতে বেশি সময় নষ্ট হচ্ছে। ইভিএমে অনভিজ্ঞতার কারণে নানা সমস্যায় পড়েছেন ভোটাররা। ভোট গ্রহণের ধীরগতির কারণে কেউ কেউ ভোট না দিয়েই ফিরে যান।
২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী কামাল হোসেন বলেন, ‘ভোট সুষ্ঠু হলেও ভোট গ্রহণের গতিধীর। অনেকেই লাইনে অপেক্ষার কারণে ভোট দিতে আসছেন না। মানুষের মধ্যে ভোট নিয়ে উৎসব নেই।’
অনেক ভোটারের, বিশেষ করে বয়স্ক ভোটারদের আঙুলের ছাপ মিলছিল না। হাত ধুয়ে, জীবাণুনাশক দিয়ে হাত পরিষ্কার করতে দেখা যায়। ভোটকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তৎপরতা চোখে পড়ার মতো। কিছুক্ষণ পরপর ম্যাজিস্ট্রেট ভোটকেন্দ্র পরিদর্শন করছেন।
গোয়ালমথন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিসাইডিং কর্মকর্তা শামীম আহমেদ বলেন, নারী ভোটারদের উপস্থিতি বেশি। বয়স্ক ভোটারদের সমস্যা বেশি হচ্ছে। পরীক্ষামূলক ভোটিংয়ের সময় এই কেন্দ্রের মাত্র ১৩৫ জন এসেছিলেন। তখন বেশি ভোটার এসে ইভিএমে ভোট দেওয়া দেখলে আজকে দ্রুত ভোট দেওয়া যেত। সময় কম লাগত।
২৫, ২৬ ও ২৭ নম্বর ওয়ার্ডের সহকারী রিটার্নিং কর্মকর্তা মতিয়ুর রহমান বলেন, আটটি কেন্দ্র ঘুরে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখতে পেয়েছি। বৃষ্টির কারণে ভোটারদের উপস্থিতি কিছুটা কম। এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে।
তবে ভোটকেন্দ্রের বাইরে নৌকা প্রতীকের ব্যাজধারীদের উপস্থিতি চোখে পড়েছে। কেন্দ্রের ফটক পর্যন্ত ছড়িয়ে-ছিটিয়ে রয়েছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। স্বতন্ত্র মেয়র প্রার্থীর কর্মীদের দেখা মিলছে না। একটি কেন্দ্রের ভেতরেও নৌকার ব্যাজধারীদের অবস্থান নিতে গেছে।
কুমিল্লা সিটি করপোরেশনের এটি তৃতীয় নির্বাচন। ১০৫টি ভোটকেন্দ্রের ৬৪০টি বুথে ইভিএমে ভোট গ্রহণ চলছে। ২৭টি ওয়ার্ড মোট ভোটার ২ লাখ ২৯ হাজার ৯২০ ভোটার। ভোট গ্রহণ চলবে বিকেল চারটা পর্যন্ত।
ভোটকেন্দ্রের দায়িত্বরত প্রিসাইডিং কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, দুপুর ১২টা পর্যন্ত সাতটি কেন্দ্রে গড়ে ৩৮ শতাংশ ভোট পড়েছে। চৌয়ারা বালিকা উচ্চবিদ্যালয় এবং চৌয়ারা ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় দুই কেন্দ্রেই ৪৪ শতাংশ ভোট পড়েছে। সর্বনিম্ন ৩০ শতাংশ ভোট পড়েছে ধনাইতরী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে।