কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা, যাত্রাপুর ও মোগলবাসা ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচনসংশ্লিষ্ট ও প্রশাসনের কর্মকর্তাদের বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগ উঠেছে। গত শনিবার এসব ইউপিতে ভোট গ্রহণ করা হয়।
গতকাল সোমবার কুড়িগ্রাম প্রেসক্লাবে পৃথক সংবাদ সম্মেলনে পরাজিত প্রার্থীরা এ অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য দেন মোগলবাসা ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী এনামুল হক, বেলগাছায় একই দলের প্রার্থী ওমর ফারুক, যাত্রাপুরে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শাহ জামাল সরকার, মোগলবাসা ইউপির ৫ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী আশরাফুল আলম, মুক্তিযোদ্ধা আবদুল করিম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালেহ আহমেদ, মোগলবাসা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক প্রমুখ।
মোগলবাসা ইউপির বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগের প্রার্থী এনামুল হক বলেন, রিটার্নিং কর্মকর্তা, প্রিসাইডিং কর্মকর্তা, পোলিং এজেন্ট ও আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বিভিন্ন বাহিনী পরিকল্পিতভাবে সূক্ষ্ম কারচুপির আশ্রয় নেয়। জামায়াতে ইসলামী ও বিএনপির সমর্থক এসব কর্মকর্তা ও কর্মচারী বিএনপির প্রার্থীর জয় নিশ্চিত করতে মালভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নিধিরাম নুরানী মাদ্রাসা কেন্দ্রের ভোট গণনা না করে উপজেলা পরিষদে আনেন। এখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলামের যোগসাজশে ৭ ভোটের ব্যবধানে বিএনপির প্রার্থীকে জয়ী ঘোষণা করা হয়।
বেলগাছা ইউপির আওয়ামী লীগের প্রার্থী ওমর ফারুক বলেন, রিটার্নিং কর্মকর্তা থেকে শুরু করে নির্বাচনসংশ্লিষ্ট ব্যক্তিরা টিমওয়ার্কের মাধ্যমে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে বিএনপির প্রার্থী মাহবুবুর রহমানকে জয়ী করেন। নৌকায় সিলমারা নয় শতাধিক ভোট বাতিল করা হয়েছে। এর সবই করা হয়েছে চিলাপাড়া জিপি স্কুল ভোটকেন্দ্রসহ হিন্দু-অধ্যুষিত কেন্দ্রে। ভোট আবার গণনা করলে এর সত্যতা প্রমাণিত হবে। এ অভিযোগ দিতে গিয়ে ইউএনও আমিনুল ইসলামের রোষানলে পড়ার কথা উল্লেখ করেন তিনি।
যাত্রাপুরে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শাহ জামাল সরকার গরুহারা মাদ্রাসা ঘনেশ্যামপুর ও দোয়ালীপাড়া উত্তর ঘনেশ্যামপুর কেন্দ্রের ভোট আবার গণনার দাবি করেন। তিনি বলেন, পরিকল্পিতভাবে তাঁকে হারিয়ে দেওয়ার জন্য ওই দিন ভোটকেন্দ্র থেকে তাঁর এজেন্টদের বের করে দেওয়া হয় এবং ৪০০ ব্যালট পেপার লুট করে বিএনপির সন্ত্রাসীরা।
ইউএনও আমিনুল ইসলাম বলেন, সুষ্ঠু নির্বাচন হয়েছে। কারচুপির কোনো সুযোগই ছিল না।