চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল ওদুদের বিরুদ্ধে জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে ভোট চাওয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার সদর উপজেলার বরেন্দ্র অঞ্চলের দক্ষিণ শহরের কাছে সাংসদের খামারবাড়িতে।
অনুষ্ঠানে উপস্থিত নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি বলেন, সাংসদের খামারবাড়িতে সদর উপজেলার গোবরাতলা, বালিয়াডাঙ্গা ও ঝিলিম ইউপির চেয়ারম্যান ও সদস্যদের দাওয়াত করে দুপুরে খাওয়ানো হয়। এ সময় চেয়ারম্যান প্রার্থী জেলা আওয়ামী লীগের সভাপতি মঈনুদ্দীন মণ্ডলের পক্ষে ভোট চান সাংসদ। এ সময় তিনি বলেন, সরকারদলীয় প্রার্থী নির্বাচিত হলেই উন্নয়ন নিশ্চিত হবে।
তবে অভিযোগ অস্বীকার করে সাংসদ আবদুল ওদুদ বলেন, ‘শুধু ইউপি চেয়ারম্যান ও সদস্যদেরই নয়, অন্য অনেককেই আমি আমার খামারবাড়িতে দাওয়াত করে মতবিনিময় করেছি। আমার সংসদীয় এলাকার সমস্যা ও উন্নয়ন বিষয়ে আলোচনা করেছি। ২০১৯ সালের সংসদ নির্বাচনের আগাম প্রস্তুতি হিসেবেই এসব মতবিনিময়ের আয়োজন করা হচ্ছে।’
জেলা নির্বাচন কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, এ নির্বাচনে সাংসদদের প্রার্থীদের পক্ষে ভোট চাওয়া আচরণবিধি লঙ্ঘনের মধ্যে পড়ে। তবে এ ব্যাপারে কোনো অভিযোগ পাওয়া যায়নি।