ভোট চুরির নির্বাচন আ.লীগের একটি প্রজেক্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ভোট চুরির নির্বাচন হচ্ছে একটি প্রজেক্ট, যে প্রজেক্ট থেকে আওয়ামী লীগ ফায়দা লুটে নিচ্ছে। তাদের ভোট চুরির প্রজেক্ট ভেঙে দিয়ে জনগণের ভোটাধিকার আদায় করে নিতে হবে। কারণ, ভোটাধিকার যারা একবার কেড়ে নেয়, তারা সব অধিকার কেড়ে নেবে।
গতকাল মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম নগরের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে ‘টেকসই নির্বাচনের জন্য নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার: প্রেক্ষিত স্বাধীন নির্বাচন কমিশন’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আমীর খসরু মাহমুদ চৌধুরী এ কথা বলেন। বিএনপি-সমর্থিত প্রকৌশলীদের সংগঠন অ্যাব, চট্টগ্রাম শাখা এ সভার আয়োজন করে।
গতকাল আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রকৌশলী কাজী এম সুফিয়ান। এতে প্রধান বক্তা ছিলেন নগর বিএনপির সভাপতি শাহাদাত হোসেন এবং আলোচনায় অংশ নেন নগর বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি আবু সুফিয়ান, অ্যাবের কেন্দ্রীয় সহসভাপতি রিয়াজুল ইসলাম, পেশাজীবী নেতা খুরশিদ জামিল, সাংবাদিক জাহিদুল করিম ও শাহনেওয়াজসহ বিভিন্ন পেশার নেতারা।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘বিএনপি নির্বাচন কমিশন গঠনের ব্যাপারে গবেষণালব্ধ একটি পেপার জাতির সামনে উপস্থাপন করেছে। এ ধরনের পেপার উপস্থাপন বাংলাদেশে এটাই প্রথম। অথচ পেপারের ওপর যাঁদের সবচেয়ে বেশি সমালোচনা করার কথা, তাঁরা হতবাক। তাঁরা চিন্তায় পড়ে গেছেন। আমরা ওয়েস্টিন হোটেলে পেপার উপস্থাপন করে বের হইনি। তখনই তাঁরা বললেন, এটা অন্তঃসারশূন্য। তাঁরা আমাদের প্রস্তাবনা না পড়েই দ্রুত প্রতিক্রিয়া জানালেন। আরে মশাই, এটা আগে পড়ুন। তারপর মতামত দিন।’
নগর বিএনপির সভাপতি শাহাদাত হোসেন বলেন, ‘আমাদের দেশনেত্রী সুষ্ঠু নির্বাচনের স্বার্থে ১৩ দফা প্রস্তাব দিয়েছেন। আজ পর্যন্ত আপনারা কোনো মতামত দিতে পারেননি। শুধু রাস্তায় ফাটাকেষ্টের মতো চিৎকার করে যাচ্ছেন। আমাদের এই প্রস্তাব নিয়ে টেবিল টকে বিশ্লেষণে আসুন না। সেই যোগ্যতাও আপনাদের নেই।’