
বরিশালের বানারীপাড়া, গৌরনদী ও পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে উপনির্বাচন গতকাল সোমবার অনুষ্ঠিত হয়েছে। ব্যাপক ভোট জালিয়াতির অভিযোগ পাওয়া গেছে। বানারীপাড়া ও গৌরনদীতে আওয়ামী লীগের প্রার্থী বেসরকারি ফলাফলে নির্বাচিত হয়েছেন। এদিকে অনিয়মের অভিযোগ এনে রাঙ্গাবালীর বিএনপির প্রার্থী নির্বাচন বর্জন করেছেন।
বানারীপাড়া উপজেলা পরিষদের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী গোলাম ফারুক নির্বাচিত হয়েছেন। ৭৬ হাজার ৪৪৭ ভোট পেয়ে তিনি বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী মো. মিজানুর রহমান চোকদার ৩ হাজার ৫৫০ ভোট পেয়েছেন। বিএনপির প্রার্থী মো. শাহ আলম মিঞা পেয়েছেন ২ হাজার ৯৮৭ ভোট।
বানারীপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে মোট ভোটার ১ লাখ ১৩ হাজার ৪৩১ জন। ৭৪ ভাগ ভোট পড়েছে। উপজেলা পরিষদ নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা শরিফা বেগম এ ফলাফল ঘোষণা করেন। তিনি আরও বলেন, নির্বাচন সুষ্ঠু হয়েছে। কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
তবে সকাল থেকে বানারীপাড়া এলাকার বিভিন্ন কেন্দ্র ঘুরে ভোটারদের উপস্থিতি তেমন দেখা যায়নি। সকাল নয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত অধিকাংশ কেন্দ্রে ভোটারের কোনো সারি দেখা যায়নি। ছাত্রলীগ-যুবলীগ এবং আওয়ামী লীগের কর্মীদের ভোটকেন্দ্রে দেখা গেছে। বিএনপি ও জাতীয় পার্টির প্রার্থীর কোনো এজেন্ট পাওয়া যায়নি।
এদিকে গৌরনদী উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে মোট ভোটার ১ লাখ ৪১ হাজার ৯৯৯। ভোট পড়েছে ৭২ শতাংশ। এর মধ্যে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী সৈয়দা মনিরুন নাহার পেয়েছেন ৯৮ হাজার ৯৪৩ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী এস এম মঞ্জুর হোসেন পেয়েছেন ২ হাজার ৭৮২ ভোট। তিনি আরও বলেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোট হয়েছে।
তবে বিভিন্ন কেন্দ্র ঘুরে তেমন ভোটার পাওয়া যায়নি। বিএনপি ও জাতীয় পার্টির প্রার্থীর কোনো এজেন্ট ছিলেন না। বিএনপির প্রার্থী এস এম মঞ্জুর হোসেন বলেন, তিনি ৪৫টি কেন্দ্রেই এজেন্ট দেন। কিন্তু রোববার রাতে আওয়ামী লীগের ‘সন্ত্রাসীরা’ এজেন্টদের বাড়ি বাড়ি গিয়ে ভয়ভীতি প্রদর্শন করেন। এ কারণে অনেকেই কেন্দ্রে যাননি। যাঁরা গিয়েছিলেন তাঁদের মারধর করে কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, কোনো ভোটকেন্দ্রে ভোটার উপস্থিত ছিলেন না। আওয়ামী লীগের কেন্দ্র কমিটির নেতারাই ব্যালট কেটে নৌকায় সিল মেরেছেন।
এদিকে পটুয়াখালীর রাঙ্গাবালীতে বিএনপির প্রার্থী জাহাঙ্গীর হোসেন (ধানের শীষ) সংবাদ সম্মেলন করে নির্বাচন বর্জনের ঘোষণা দেন। উপজেলার বাহেরচর বাজারে নিজ বাড়ির আঙিনায় বেলা সোয়া একটার দিকে এ সংবাদ সম্মেলন করেন। তিনি বলেন, ‘নির্বাচনী প্রচার শুরুর পর থেকেই আওয়ামী লীগের প্রার্থীর সমর্থকেরা তাঁর কর্মী-সমর্থকদের ওপর হামলা চালিয়েছেন। গত শুক্রবার মৌডুবি বাজারে আমাদের পথসভায় হামলা চালালে ৩০ জন নেতা-কর্মী আহত হন।’ উপজেলা নির্বাচন কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। উল্টো মিথ্যা মামলা দিয়ে উপজেলা বিএনপির সভাপতি কবির হোসেন তালুকদারকে গ্রেপ্তার করা হয়। গতকাল ভোট চলাকালে কেন্দ্র থেকে তাঁর এজেন্টদের ভয়ভীতি দেখিয়ে বের করে দেওয়া হয়। এই পরিপ্রেক্ষিতে তিনি নির্বাচন কমিশনারের কাছে এ ভোট বাতিল করে আবার সুষ্ঠু নির্বাচন দেওয়ার জোর দাবি জানান।
রাঙ্গাবালীতে আওয়ামী লীগের প্রার্থী মো. দেলোয়ার হোসেন (নৌকা) ৩৪ হাজার ৭৯৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মু. জাহ্ঙ্গীর হোসেন আকন পেয়েছেন ২ হাজার ২৩৩ ভোট।
উপজেলা নির্বাচন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বে) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আবু বকর সিদ্দিক বলেন, অবাধ-সুষ্ঠু পরিবেশে নির্বাচন হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
ভাইস চেয়ারম্যান : সাতক্ষীরার কলারোয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আরাফাত হোসেন নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৩৯ হাজার ৪৯১ ভোট।
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ফাহিমা খানম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নৌকা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৬৮ হাজার ৫৭ ভোট।
{প্রতিবেদন তৈরিতে সহযোগিতা দিয়েছেন আমাদের নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা, বরিশাল ও পটুয়াখালী অফিস, গৌরনদী প্রতিনিধি ও বাগেরহাট সংবাদদাতা}