ভোট ডাকাতদের বিরুদ্ধে মামলা করতে বললেন রব

জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম শীর্ষ নেতা ও জেএসডি সভাপতি আ স ম আবদুর রব সরকারের বিরুদ্ধে ভোট ডাকাতির অভিযোগ তুলে বলেছেন, ভোট ডাকাতি করা রাষ্ট্রদ্রোহ। তিনিসহ ঐক্যফ্রন্টের অন্য নেতারা আবারও ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার কথা জানান।
আজ রোববার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় ঐক্যফ্রন্ট আয়োজিত ‘২০১৮ সালের ভোট ডাকাতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ’–এ এসব কথা জানানো হয়। ঐক্যফ্রন্টের সমাবেশ শুরু হওয়ার কথা ছিল বেলা দুইটায়। কর্মীরা বেলা দুইটার পরপর চলে এলেও ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা আসতে শুরু করেন বিকেল চারটা থেকে।
সমাবেশে আ স ম আবদুর রব সরকারের উদ্দেশে বলেন, ‘ভোট চুরি করেছে, ডাকাতি করেছে। এই ডাকাতদের ধরতে হবে। ভোট ডাকাতি করা রাষ্ট্রদ্রোহ।’ আইনজীবীদের উদ্দেশ করে বলেন ডাকাতদের বিরুদ্ধে মামলা করতে। ভোট ডাকাতি করা সংবিধানবিরোধী কাজ।
ঐক্যফ্রন্টে এই নেতা আরও বলেন, রাষ্ট্রযন্ত্র দিয়ে ভোট ডাকাতি করা হয়েছে। রাষ্ট্রযন্ত্র ধ্বংস করে দিয়েছে। তা পুনরুদ্ধার করতে হবে। জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার করতে হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সামনে ককটেল বিস্ফোরণের ঘটনার কথা উল্লেখ করে রব বলেন, সারা দেশে যারা সন্ত্রাস ও লুটপাট করছে, তারাই ডাকসুর সামনে ককটেল ফুটিয়েছে। এককভাবে কিছু করে এই সরকারকে সরানো যাবে না উল্লেখ করে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করার কথা জানান তিনি।
গণফোরামের নির্বাহী সভাপতি আবু সাইয়িদ বলেন, দলীয়করণের মাধ্যমে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করা হচ্ছে। ভোট ডাকাতি নয়, জনগণের অধিকার ডাকাতি করা হয়েছে বলে জানান। তিনি দুঃশাসনের অবসান ঘটানোর কথা বলেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান বলেন, ৩০ ডিসেম্বরের ভোট ২৯ ডিসেম্বর রাতে হয়েছে, তাই তাঁরা সেদিনই বর্ষপূর্তিতে বিক্ষোভ সমাবেশ করছেন। বিএনপির এই নেতা বলেন, দেশে এখন অলিখিত বাকশাল কায়েম হয়েছে।
নাগরিক ঐক্যের আহ্বায়ক ও ঐক্যফ্রন্টের অন্যতম নেতা মাহমুদুর রহমান মান্না বলেন, মুক্তিযুদ্ধে গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করার জন্য আওয়ামী লীগের যেমন কৃতিত্ব দাবির অধিকার আছে, তেমনি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কলঙ্ক রচনা করার ইতিহাসও তাদের। ২৯ ডিসেম্বর রাতে আওয়ামী লীগ যে কলঙ্ক রচনা করেছে, তা কারও কপাল থেকে মুছবে না। নুরসহ যাঁদের নামে মামলা হয়েছে, তা প্রত্যাহারের দাবি জানান মান্না। এ ছাড়া বলেন, নির্যাতন, অত্যাচার না কমলে সরকার পতনে বৃহত্তর আন্দোলন করা হবে।
সমাবেশ শেষে ঐক্যফ্রন্ট একটি মিছিল বের করে। তবে কদম ফোয়ারা মোড়ে পুলিশ মিছিল আটকে দেয়। সমাবেশে আরও বক্তব্য দেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, গণফোরামের সভাপতিমণ্ডলীর সদস্য জগলুল হায়দার, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, জেএসডির সহসভাপতি তানিয়া রব প্রমুখ।