ভোট পর্যন্ত শক্তি অক্ষুণ্ন রাখতে চায় বিএনপি
>
- খালেদা জিয়া দলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকায় জোর দিয়েছেন।
- সরকারের ফাঁদে পা না দিতে সতর্ক করেছেন।
- সহিংসতায় না জড়াতে বলেছেন।
- কেন্দ্রীয় ও তৃণমূলের নেতারা গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা পেয়েছেন।
- নির্দেশনার প্রভাব পড়বে দল ও রাজনীতির মাঠে।
আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত দলের শক্তি অক্ষুণ্ন রাখতে চায় বিএনপি। তাই ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার বিরুদ্ধে নেতিবাচক রায় হলেও সহিংস প্রতিক্রিয়া না জানিয়ে দলটি নির্বাচন পর্যন্ত নিয়মতান্ত্রিক আন্দোলন চালিয়ে যেতে চায়।
গত শনিবার নির্বাহী কমিটির সভায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বক্তব্য থেকে এমন বার্তা পেয়েছেন বলে দলটির কেন্দ্রীয় ও মাঠপর্যায়ের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে।
ওই সভায় খালেদা জিয়া দলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার ওপর জোর দিয়েছেন। একই সঙ্গে সরকারের ফাঁদে পা না দেওয়া, সহিংসতায় না জড়ানো, কোনো ধরনের হঠকারী সিদ্ধান্ত না নিতে নেতা-কর্মীদের কঠোরভাবে সতর্ক করেছেন।
বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, জাতীয় নির্বাহী কমিটির এই সভা থেকে কেন্দ্রীয় ও তৃণমূলের নেতারা দলের ও দেশের সংকটময় রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা পেয়েছেন। ভবিষ্যতে যার প্রভাব পড়বে দল ও রাজনীতির মাঠে।
শনিবারের নির্বাহী কমিটির সভায় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেন। তিনি গতকাল বলেন, নির্বাহী কমিটির সভায় বিএনপির চেয়ারপারসন তিনটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন। প্রথমত, সহিংসতা নয়। দ্বিতীয়ত, সরকার পরিবর্তন হবে ভোটের মাধ্যমে। এ জন্য তৃণমূলে দলকে আরও ঐক্যবদ্ধ হতে হবে। তৃতীয়ত, মানুষ যাতে নিরাপদে ভোট দিতে পারে, সে পরিবেশ নিশ্চিত করতে হবে।
চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি শাহাদাত হোসেন বলেন, রাজপথে থাকতে হবে। শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে হবে।
নির্বাহী কমিটির সভা সম্পর্কে বিএনপির গুরুত্বপূর্ণ কয়েকজন নেতার মূল্যায়ন হলো, খালেদা জিয়ার উদ্বোধনী বক্তব্য ছিল মোটাদাগে দুই ভাগে বিভক্ত। একটি দলের অভ্যন্তরীণ বিষয়, অন্যটি জাতীয় রাজনৈতিক বিষয়ে। এর মধ্যে দল ভাঙার আশঙ্কা থেকে তাঁর কয়েক লাইনের বক্তব্যটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায় সামনে রেখে একটি বিশেষ পরিস্থিতির আগে তিনি দলের নিবেদিতপ্রাণ নেতা-কর্মীদের সজাগ-সতর্ক করেন।
বিএনপির নেতাদের পর্যবেক্ষণ হচ্ছে, এক-এগারোর সময় বিএনপি ভাঙার যে চক্রান্ত হয়েছিল, সেই প্রেক্ষাপট মাথায় রেখে খালেদা জিয়া দলের নির্বাহী কমিটির সভায় নেতাদের সতর্ক করেছেন। বক্তব্যে ‘ক্ষমা একবার হয়, ক্ষমা বারবার হয় না’ বলে তিনি অল্প কথায় হুঁশিয়ারি দিয়েছেন।
বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম বলেন, এক-এগারোর সময় দলে এমন সংকট দেখা দিয়েছিল। তখন বিকল্প বিএনপি করার ষড়যন্ত্র তৃণমূলের নেতা-কর্মীরা মোকাবিলা করেছিলেন। যাঁরা বিশ্বাসঘাতকতা করেছিলেন, তাঁদের সতর্ক করেছেন বিএনপি নেত্রী।
নির্বাহী কমিটির সভার রুদ্ধদ্বার পর্বে সামপনী বক্তব্যে খালেদা জিয়া নেতাদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, ‘আপনারা হঠকারী কোনো কিছুতে পা দেবেন না, দলকে বিপদে ফেলার মতো কিছু করবেন না। সবাই একতাবদ্ধ থাকবেন।’ তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের মনোভাব স্পষ্ট করেছেন। তবে বিএনপিকে সংকটে ফেলে নির্বাচনে যেতে বাধ্য করা, নেতা-কর্মীদের বিভ্রান্ত করে আবারও আওয়ামী লীগ যে একদলীয় নির্বাচন করার ষড়যন্ত্র করছে, সে ব্যাপারেও সবাইকে সতর্ক করেছেন।
খালেদা জিয়া নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানে নেতা-কর্মীদের ‘শান্তিপূর্ণ’ আন্দোলনের কথা বলেছেন। নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে বিদ্যমান সংসদ ভেঙে দেওয়া এবং নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করার ওপর জোর দিয়েছেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন প্রথম আলোকে বলেন, দেশের রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্রের অশনিসংকেত, আগামী নির্বাচন এবং খালেদা জিয়ার মামলার রায় সামনে রেখে নির্বাহী কমিটির বৈঠকটি খুবই সফল হয়েছে। নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার ব্যাপারে নতুন করে উদ্দীপনা পাওয়া গেছে। ছোটখাটো ভুল-বোঝাবুঝি বা দূরত্ব থাকলেও এ সভার পর থাকবে না।
সড়কপথে সিলেট যাচ্ছেন খালেদা
জাতীয় নির্বাহী কমিটির সভার পর গতকাল রোববার রাতে দলের স্থায়ী কমিটির জরুরি বৈঠক করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। আজ সোমবার তিনি সিলেট যাবেন।
দলীয় সূত্র জানায়, সকালে খালেদা জিয়া সড়কপথে সিলেটের উদ্দেশে রওনা হবেন। বিকেলে তিনি নেতা-কর্মীদের নিয়ে হজরত শাহজালাল (র.) ও হজরত শাহ পরান (র.)-এর মাজার জিয়ারত করবেন। সিলেটের যাত্রাপথে নেতা-কর্মীরা খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাবেন। এ লক্ষ্যে গতকাল সকালে দলের ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান ঢাকা-সিলেট মহাসড়কের আশপাশের জেলার নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। মো. শাহজাহান গত রাতে প্রথম আলোকে বলেন, বিএনপির চেয়ারপারসনকে দেখতে রাস্তায় অসংখ্য নেতা-কর্মী ও সাধারণ মানুষ থাকবে। তাঁর সঙ্গে লাখো মানুষ মাজার জিয়ারতে অংশ নিতে চায়।