ভোট পুনর্গণনার দাবিতে ভাঙচুর
গাইবান্ধার ফুলছড়ি উপজেলা পরিষদ কার্যালয়ে গতকাল সোমবার ভাঙচুর করা হয়েছে। ফুলছড়ি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের পরাজিত চেয়ারম্যান প্রার্থী আজহারুল হান্নানের সমর্থকেরা দুটি কেন্দ্রের ভোট পুনর্গণনার দাবিতে এ ভাঙচুর চালান।
গত শনিবার ফুলছড়ি উপজেলার ছয়টি ইউপিতে নির্বাচন হয়। ফুলছড়ি ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী আজহারুল হান্নানকে ৯০২ ভোটে হারিয়েছেন দলীয় ‘বিদ্রোহী’ প্রার্থী আবদুল গফুর।
ফুলছড়ি থানার পুলিশ জানায়, আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী আজহারুল হান্নানের সমর্থকেরা উপজেলা সদরে গতকাল বেলা দুইটার দিকে মিছিল বের করেন। মিছিলে ইউনিয়নের বাজে ফুলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নিম্নমাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের ভোট আবার গণনা করার দাবি জানানো হয়। মিছিলকারীরা উপজেলা পরিষদের প্রশাসনিক ভবনের কয়েকটি কক্ষে ভাঙচুর চালান। এ সময় তাঁরা উপজেলা পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমানের কার্যালয়েও হামলা করেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বেলা তিনটার দিকে আজহারুল হান্নানের সমর্থকেরা উপজেলা পরিষদ চত্বরে সমাবেশ করে।
এ বিষয়ে কথা বলার জন্য জেলা নির্বাচন কর্মকর্তা শাহীনুর ইসলাম প্রামাণিকের মুঠোফোনে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি ধরেননি।