ভোট পুনর্গণনার দাবিতে সংবাদ সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচনে কারচুপি ও ফলাফল ঘোষণায় কৌশল অবলম্বনের অভিযোগ করে ভোট পুনর্গণনার দাবিতে গতকাল মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলন করেছেন নীলফামারী সদরের রামনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) পরাজিত স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. ওবায়দুল ইসলাম। একই দাবিতে গতকাল সকালে তিনি জেলা নির্বাচন কর্মকর্তার কাছে আবেদন করেন।

তৃতীয় দফায় গত শনিবার ওই ইউপির নির্বাচন হয়।

বাহালীপাড়া চৌধুরী বাজার দাখিল মাদ্রাসা মাঠে ওই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ওবায়দুল বলেন, ‘গত শনিবার নির্বাচনে আমার মোটরসাইকেল প্রতীকে জনগণ বিপুল ভোট েদন, কিন্তু নির্বাচনে ব্যাপক ভোট কারচুপি করা হয়। সুপরিকল্পিতভাবে ভোট গ্রহণ কর্মকর্তাদের যোগসাজশে অবৈধভাবে আমাকে পরাজিত ঘোষণা করা হয়েছে। কেন্দ্রের ফলাফল উপজেলা পরিষদে আসার পর শনিবার রাতে ইউপি নির্বাচন রিটার্নিং কর্মকর্তা সদর উপজেলা প্রকৌশলী সাইফুল ইসলাম উপজেলা পরিষদ চত্বরে মাইকে বলেন, রামনগর ইউনিয়নে মোটরসাইকেল প্রতীক নয়টি ওয়ার্ডে ৫ হাজার ২৯৬ ভোট পেয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য প্রার্থীর প্রাপ্ত ভোট ঘোষণা করার পর নৌকা প্রতীকের মো. মিজানুর রহমানের প্রাপ্ত ভোট ঘোষণা করেন ৪ হাজার ৩৬৪। এরপর চেয়ারম্যান পদে রামনগর ইউনিয়নে মিজানুরকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলনে ওবায়দুল আরও বলেন, ‘আজ (মঙ্গলবার) সকালে আমি ভোট পুনর্গণনার দাবি জানিয়ে জেলা নির্বাচন কর্মকর্তার কাছে আবেদন করেছি। সঙ্গে রিটার্নিং কর্মকর্তার ঘোষণা দেওয়া অডিওটিও নির্বাচন কর্মকর্তাকে দিয়েছি।’

এ বিষয়ে জানতে চাইলে রামনগর ইউপি নির্বাচন রিটার্নিং কর্মকর্তা সাইফুল বলেন, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে, প্রতিটি কেন্দ্রের প্রাপ্ত ভোটের ফলাফলের ভিত্তিতে ফলাফল ঘোষণা করা হয়েছে। ফলাফলে মিজানুর ৪ হাজার ৩৬৪ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ওবায়দুল পান ৪ হাজার ২৯৬ ভোট। অল্প ভোটের ব্যবধানে পরাজিত হওয়ার কারণে তিনি এ ধরনের অভিযোগ করছেন।

 ভোট পুনর্গণনার আবেদন পাওয়ার সত্যতা নিশ্চিত করে জেলা নির্বাচন কর্মকর্তা মো. জিলহাজ উদ্দিন বলেন, ‘প্রিসাইডিং ও রিটার্নিং কর্মকর্তার ফলাফল ঘোষণার পর এ বিষয়ে আমাদের করণীয় কিছু নেই। ওবায়দুল চাইলে নির্বাচন কমিশনে আবেদন করতে পারেন বা ফলাফল গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে নির্বাচন ট্রাইব্যুনালে মামলা করতে পারবেন।’