ভোটকক্ষে এজেন্ট থাকলেও বাইরে ভয় দেখানোর অভিযোগ তৈমুরের কর্মী–সমর্থকদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বন্দর থানায় ২২ ওয়ার্ডের শ্রম কল্যাণ কেন্দ্রের সামনে নৌকা প্রতীকের ব্যাজধারী কমী-সমর্থকেরা থাকলেও হাতির লোকজন দেখা যায়নি
ছবি: সেলিম জাহিদ

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বন্দর থানা ও সিদ্ধিরগঞ্জ এলাকায় হাতি প্রতীকের এজেন্ট থাকলেও আশপাশের এলাকায় কর্মী সমর্থকদের উপস্থিতি তেমন নেই। আগের রাতে পুলিশের বিরুদ্ধে আতঙ্ক ছড়ানোর পাশাপাশি নৌকার সমর্থকদের বিরুদ্ধে দাঁড়াতে না দেওয়ার অভিযোগ।

আজ রোববার বন্দরের ২২ নম্বর ওয়ার্ডের ৪টি কেন্দ্রে ঘুরে দেখা যায়, কেন্দ্রগুলোতে নৌকা ও প্রতিদ্বন্দ্বী হাতি প্রতীকের পোলিং এজেন্ট আছে। কিন্তু ভোটকেন্দ্র এবং আশপাশের এলাকায় নৌকার কর্মী-সমর্থকদের চোখে পড়লেও হাতি মার্কার কর্মী-সমর্থকদের খুব একটা দেখা যায়নি।

বেলা সাড়ে ১১টার দিকে বন্দর থানার ২২ নম্বর ওয়ার্ডের শ্রম কল্যাণ কেন্দ্রের সামনে কথা হয় ওয়ার্ড যুবদলের সভাপতি কাজী সোহাগের সঙ্গে। তিনি প্রথম আলোকে বলেন, ‘রাতে পুলিশ এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে। আমাদের দাবড়াইছে। বিভিন্ন দোকানে এসে আমাদের নাম ধাম নিয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে। এ কারণে অনেকেই ভয়ে একটু দূরে দূরে আছে।’

সিদ্ধিরগঞ্জের ৬ ও ৭ নম্বর ওয়ার্ডের কেন্দ্রগুলোতে হাতি প্রতীকের এজেন্টদের দেখা যায়। তবে কেন্দ্রের বাইরে নৌকা ব্যাজধারী অসংখ্য কর্মীর উপস্থিতি। ৭ নম্বর ওয়ার্ডের আদমজী নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ২ নম্বর কক্ষে হাতির এজেন্ট শওকত হোসেন প্রথম আলোকে বলেন, কেন্দ্রে কোনো সমস্যা হচ্ছে না। তবে ভোট পড়ার গতি খুব কম।

একইভাবে ৬ নম্বর ওয়ার্ডের নূরে মদিনা দাখিল মাদ্রাসার ৪ নম্বর ভোটকক্ষে হাতির এজেন্ট লাকি আক্তার প্রথম আলোকে বলেন, প্রিসাইডিং কর্মকর্তা খোঁজখবর নিয়েছেন, সমস্যা হয়নি।

নির্বাচনী এজেন্ট থাকা বিষয়ে হাতি প্রতীকের তৈমুর আলম খন্দকারের প্রধান নির্বাচনী এজেন্ট এ টি এম কামাল প্রথম আলোকে বলেন, অধিকাংশ কেন্দ্রে তাঁদের এজেন্ট আছেন। তবে কেন্দ্রের বাইরে নৌকা ব্যাজধারী কর্মী-সমর্থকরা হাতি প্রতীকের সমর্থকদের দাঁড়াতে দিচ্ছে না। বন্দর এলাকার ২২ নম্বর ওয়ার্ডে পুলিশ হাতির কর্মী-সমর্থকদের ভয়ভীতি দেখিয়েছে উল্লেখ করে এ টি এম কামাল বলেন, এর মধ্য দিয়ে প্রশাসন বার্তা দিতে চাচ্ছে যে হাতির লোকজন যেন মাঠে না নামে।