ভোটযুদ্ধের তোড়জোড় সব দলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার আটঘরিয়া পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে ভোটযুদ্ধের প্রস্তুতি নিচ্ছে বড় দুই দল আওয়ামী লীগ ও বিএনপি। প্রতিষ্ঠার পর থেকে বিএনপির দখলে থাকা পৌরসভাটি এবার দখলে নিতে চায় আওয়ামী লীগ। তবে নিজের অস্তিত্ব রক্ষায় বিএনপিও সর্বোচ্চ চেষ্টা করছে।
এদিকে আটঘরিয়া উপজেলা নির্বাচনে বিজয়ী হওয়ার পর পৌরসভায় মেয়র পদে জেলা শিবিরের সভাপতিকে প্রার্থী করেছে জামায়াত। জেলা শিবিরের নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেও তাঁকে জামায়াতের প্রার্থী বলেই মনে করছেন এলাকাবাসী।
উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, মেয়াদোত্তীর্ণ না হওয়ায় পৌরসভা পদটিতে দেরিতে নির্বাচন হচ্ছে। আগামী ৪ জুন নির্বাচন অনুষ্ঠিত হবে। মেয়র পদে ছয়জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এঁদের মধ্যে দুজন প্রত্যাহার করেছেন। ১৯ মে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ধার্য করা হয়েছে। ২০ মে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
স্থানীয় আওয়ামী লীগ-বিএনপির নেতা-কর্মী ও সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, ২০০৬ সালে পৌরসভাটি প্রতিষ্ঠা হয়। তখন এখানে প্রশাসক হিসেবে দায়িত্ব পান উপজেলা বিএনপির সভাপতি আমিনুল হক। এরপর টানা পাঁচ বছর তিনি দায়িত্ব পালন করেন। এরপর নির্বাচন হলে আমিনুল হকই বিজয়ী হন। কাজেই মেয়রের পদটি এত দিন বিএনপির দখলেই ছিল। এবারও পৌরসভাটিতে অস্তিত্ব ধরে রাখতে বিএনপি থেকে আমিনুল হককেই মনোনয়ন দেওয়া হয়েছে।
তবে এবার মেয়র পদ ছিনিয়ে নিতে মরিয়া আওয়ামী লীগ। এবার এখানে সর্বসম্মতিক্রমে উপজেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলামকে মেয়র পদে প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে। অন্য প্রার্থীদের নির্বাচন থেকে সরিয়ে দিতে চলছে নানা পরিকল্পনা ও সমঝোতার চেষ্টা। এরই মধ্যে দলীয় দুই বিদ্রোহী প্রার্থী তাঁদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। তবে বিদ্রোহী নিয়ে বেকায়দায় পড়েছে বিএনপি। দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন পৌর বিএনপির সভাপতি আওরঙ্গজেব বাচ্চু। চালিয়ে যাচ্ছেন প্রচার-প্রচারণা।
এদিকে গত উপজেলা নির্বাচনে আটঘরিয়ায় জামায়াতের প্রার্থী বিজয়ী হওয়ায় পৌরসভায় মেয়র পদটিও এখন নিজেদের দখলে নিতে চায় জামায়াত। সে লক্ষ্যেই জেলা শিবিরের সভাপতি সাইদুল ইসলামকে প্রার্থী করেছে জামায়াত। বিএনপির ভোট ভাগাভাগির সুযোগ কাজে লাগিয়ে নির্বাচনে সুবিধা নিতে চায় দলটি। সে অনুযায়ী কৌশলে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন এ দলের নেতা-কর্মীরা।
নাম প্রকাশ না করার শর্তে উপজেলা আওয়ামী লীগের এক নেতা বলেন, আওয়ামী লীগ এবার মেয়র পদ ছাড়বে না। আওয়ামী লীগের প্রার্থীকে বিজয়ী করতে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে। সমঝোতার ভিত্তিতে সব প্রার্থীকে নির্বাচন থেকে সরিয়ে দেওয়ার প্রক্রিয়া চলছে। সব ঠিকঠাক চললে আওয়ামী লীগের প্রার্থীই নির্বাচিত হবেন।
আওয়ামী লীগের প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম বলেন, গত এক দশক পৌরসভাটিতে বিএনপির মেয়র দায়িত্ব পালন করেছেন। কিন্তু তিনি দৃশ্যত পৌরসভায় কোনো উন্নয়নই করতে পারেননি। ফলে
পৌরবাসী এবার পরিবর্তন চান। তাই তাঁরা নৌকাতেই ভোট দেবেন। দলীয় বিদ্রোহীর বিষয়ে তিনি বলেন, ‘আওয়ামী লীগে কোনো বিদ্রোহী নেই। আলোচনা চলছে। যিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন, তিনি তা প্রত্যাহার করে নেবেন বলে আশা রাখি।’
বিএনপির প্রার্থী ও উপজেলা বিএনপির সভাপতি আমিনুল হক বলেন, ‘বিএনপিতে কোনো বিদ্রোহী নেই। আমি বিগত ১০ বছর সফলতার সঙ্গে মেয়রের দায়িত্ব পালন করেছি। সুষ্ঠু ভোট হলে এবারও আমিই বিজয়ী হব।’