ভোটার তালিকা পুনর্বিন্যাস শেষ, নির্বাচনে বাধা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার উজানচর ইউনিয়ন পরিষদের (ইউপি) ভোটার তালিকা পুনর্বিন্যাস সম্পন্ন হয়েছে। ফলে এ ইউপিতে নির্বাচন অনুষ্ঠানে আর কোনো বাধা নেই বলে নির্বাচন কর্মকর্তা জানিয়েছেন।
সীমানা-সংক্রান্ত জটিলতার কারণে গত বছরের মার্চে এ ইউপির উপনির্বাচন স্থগিত হয়ে যায়।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, ২০১৪ সালের ২১ ডিসেম্বর উজানচর ইউপির চেয়ারম্যান আবদুল মতিনের মৃত্যুতে পদটি শূন্য হয়। এরপর ১৯ মার্চ এখানে চেয়ারম্যান পদে উপনির্বাচন চেয়ে নির্বাচন কমিশনকে চিঠি দেন জেলা নির্বাচন কর্মকর্তা। তবে উপজেলার তিনটি ইউনিয়নের যে আটটি গ্রাম নিয়ে ২০১৩ সালের ৩ জুলাই বাঞ্ছারামপুর পৌরসভা গঠিত হয়, তার মধ্যে উজানচর ইউপির নতুনহাটি গ্রামকেও অন্তর্ভুক্ত করা হয়। সে হিসাবে উজানচর ইউপির নতুন সীমানা নিয়ে সংশোধিত গেজেট প্রকাশ করার কথা ছিল। তা না হওয়ায় নির্বাচন কমিশন ২০১৪ সালের ২৪ ফেব্রুয়ারি এক চিঠিতে এ ইউপির উপনির্বাচন স্থগিত করে।
উপজেলা নির্বাচন কর্মকর্তাকে পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়, উজানচর ইউপির সংশোধিত সীমানার গেজেট প্রকাশিত না হওয়া পর্যন্ত উপনির্বাচন করা সমীচীন হবে না। সেটা করা হলে আইনগত ত্রুটি থেকে যাবে বলে চিঠিতে আশঙ্কা প্রকাশ করা হয়।
বাঞ্ছারামপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূর-ই-খাজা আলামীন গত ৩ জানুয়ারি উজানচর ইউপির সীমানার সংশোধিত গেজেট প্রকাশ করেন। এরপর তিনি নতুন সীমানার আওতাভুক্ত ভোটারদের তালিকা পুনর্বিন্যাস করতে ১ ফেব্রুয়ারি উপজেলা নির্বাচন কর্মকর্তাকে চিঠি দেন। এর পাঁচ মাসের মাথায় সেই কাজ শেষ হলো।
ভোটার তালিকা পুনর্বিন্যাসের কাজ শেষ হয়েছে জানিয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা সৌমেন বিশ্বাস গতকাল রোববার জেলা নির্বাচন কর্মকর্তাকে চিঠি দিয়েছেন। সৌমেন বিশ্বাস বলেন, ‘উজানচর ইউপিতে নির্বাচন অনুষ্ঠানে আর কোনো প্রতিবন্ধকতা রইল না। এখন নির্বাচন কমিশন থেকে তফসিল ঘোষণা করা হলে নির্বাচন সম্পন্ন করতে আমরা প্রস্তুত রয়েছি।’