ভোটারকে সংবর্ধনা!
নির্বাচন এলে ভোটাররা ভোট দেন, আবার নির্বাচিত ব্যক্তিকে সংবর্ধনা দেন। তবে গতানুগতিক এ ধারাকে পাল্টে দিয়ে এবার নির্বাচিত জনপ্রতিনিধিই এলাকার সব ভোটারকে সংবর্ধনা দিয়েছেন। ঘটনাটি পঞ্চগড়ের বোদা উপজেলার ঝলইশালশিরি ইউনিয়নের।
ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত সদস্য অজিদ কুমার রায় এ সংবর্ধনার আয়োজন করেন। গত রোববার সন্ধ্যায় স্থানীয় ধরধরা কলেজ মাঠে ওয়ার্ডের সব ভোটারকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দেন অজিদ কুমার। তিনি প্রত্যেক ভোটারের হাতে গোলাপ ফুল দিয়ে কৃতজ্ঞতা জানান।
দ্বিতীয় দফায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ওই ওয়ার্ডে সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বী ছিলেন প্রিয়নাথ বর্মণ ডোলো ও ভাতিজা অজিদ কুমার রায়। ওয়ার্ডের ১ হাজার ৩০৩ জন ভোটারের মধ্যে ১ হাজার ২৯৩ জন ভোট দেন। ৬৩৪ ভোট পেয়ে অজিদ কুমার সদস্য নির্বাচিত হন। তাঁর চাচা প্রিয়নাথ বর্মণ ডোলো পান ৬২৯ ভোট।
অজিদ কুমার রায় বলেন, ‘ভোটাররা আমাদের দুজনকেই সমান ভোট দিয়েছেন। আমার পরিবারে ভোটার ১০ জন আর আমার চাচার পরিবারের ভোটার পাঁচজন। আমার পরিবারের পাঁচটি ভোট বেশি থাকায় আমি নির্বাচনে বিজয়ী হয়েছি। বিজয়ী হলেও আমি আমার প্রতিদ্বন্দ্বীকে নিয়েই এলাকার উন্নয়ন ও ভোটারদের সুখে-দুঃখে পাশে থাকতে চাই।’
ইউনিয়নের পুনর্নির্বাচিত চেয়ারম্যান আবুল হোসেনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ইউপি সদস্য খয়রুল আলম, ইসমাইল হোসেন, দাহির উদ্দীন, রশিদা বেগম ও মেরিনা বেগম বক্তব্য দেন। পরে স্থানীয় শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।