ভোটারদের দ্বারে নারী কাউন্সিলর প্রার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার কাহালু পৌরসভা নির্বাচনে প্রতীক বরাদ্দের আগেই সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর প্রার্থীরা জোরেশোরে মাঠে নেমেছেন। দিনে-রাতে যখনই সময় পাচ্ছেন, ভোটারদের কাছে ভোট চেয়ে বেড়াচ্ছেন তাঁরা।
নারী কাউন্সিলর প্রার্থীরা কেউ কেউ তাঁদের পরিবারের সদস্যদের নিয়ে, আবার কেউ কেউ একদল নারী সঙ্গে নিয়ে ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছেন। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে নির্বাচনী প্রচার। নতুন নারী প্রার্থীরা স্বামী কিংবা ছেলের পরিচয় দিয়ে নিজের প্রার্থিতার কথা বলে ভোট চেয়ে বেড়াচ্ছেন। অনেকে হাত ব্যাগে শুকনা খাবারও রেখে দিচ্ছেন।
গত বুধবার সাঘাটিয়া মহল্লায় কথা হয় ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের নারী কাউন্সিলর প্রার্থী কহিনুর বেগমের সঙ্গে। তিনি বলেন, ‘আমি এ এলাকার কাউন্সিলর ছিলাম। এলাকার মানুষের সুখে-দুঃখে যেকোনো কাজে আমার কাছে গিয়ে কেউ ফেরত আসেনি। তাই এবারও ভোট চাইতে এসেছি।’
কহিনূর আরও বলেন, ‘অনেক সময় ভোটারদের বাড়িতে খেতে হয়। আবার মাঝেমধ্যে ব্যাগে রাখা শুকনা খাবারও খেয়ে নিই।’
একই মহল্লায় এবারের নতুন নারী কাউন্সিলর প্রার্থী আছমা বেগম বলেন, ‘আমি নতুন প্রার্থী হলেও এলাকার মানুষের যেকোনো কাজে আমার স্বামী তাঁদের সহযোগিতা করেন। এলাকায় আমার স্বামীর পরিচয় আছে। তাই ভোটারদের অনুরোধে নির্বাচন করছি।’
দুপুরে সারাই মহল্লায় কথা হয় ১ নম্বর ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর প্রার্থী মোফাজ্জল হোসেনের সঙ্গে। তিনি বলেন, ‘প্রতীক না পেলেও নিজের তো পরিচয় আছে। এলাকার ভোটারের কাছে যত বেশি দেখা করা যাবে, ভোটারদের মন তত নরম হবে।’