প্রথমবারের মতো হতে যাওয়া কর্ণফুলী উপজেলা পরিষদের নির্বাচনে ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী। তিনি বলেন, ‘আপনারা (ভোটাররা) নির্ভয়ে থাকুন। প্রত্যেক ভোটার যেন পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে বাড়ি ফিরতে পারেন, সে ব্যবস্থা করা হবে। এ জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করবে।’
গতকাল শনিবার চট্টগ্রামের নবগঠিত কর্ণফুলী উপজেলা পরিষদের নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা-সংক্রান্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে নির্বাচন কমিশনার এসব কথা বলেন। কর্ণফুলী উপজেলা পরিষদের অস্থায়ী ভবনে (জুলধা ইউপি কার্যালয়) বেলা ১১টায় এ সভার আয়োজন করে চট্টগ্রাম জেলা নির্বাচন কার্যালয়।
নির্বাচন কমিশনার প্রার্থীদের উদ্দেশে বলেন, নিজেদের কর্মীদের নিয়ন্ত্রণ করবেন। নির্বাচনের পূর্ববর্তী ও পরে আচরণবিধি মেনে চলবেন। নির্বাচনী ব্যয়সীমা কেউ অতিক্রম করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রার্থীদের সৎ ইচ্ছাই যথেষ্ট।
চট্টগ্রাম জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব মোখলেসুর রহমান, চট্টগ্রাম বন্দরের উপপুলিশ কমিশনার হারুন উর রশিদ হাযারী, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার নুরে আলম মিনা। অন্যদের মধ্যে বক্তব্য দেন চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান, আওয়ামী লীগ মনোনীত উপজেলা চেয়ারম্যান প্রার্থী ফারুক চৌধুরী, বিএনপির প্রার্থী এস এম ফোরকান, ইসলামিক ফ্রন্টের প্রার্থী জাহাঙ্গীর আলম চৌধুরী প্রমুখ।
সভায় বিএনপির চেয়ারম্যান প্রার্থী এস এম ফোরকান ও ভাইস চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ ওসমান প্রতিটি কেন্দ্রে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দেওয়া ও ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা স্থাপনের দাবি জানান।
আওয়ামী লীগের দলীয় চেয়ারম্যান প্রার্থী ফারুক চৌধুরী বলেন, নির্বাচন সুষ্ঠু করার সবচেয়ে বেশি দায়িত্ব প্রার্থীদের। এ জন্য প্রার্থীদের ভালো মানসিকতা থাকতে হবে।