ভোটাররা কেন্দ্র থেকে কেঁদে ফিরেছেন: রিজভী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রুহুল কবির রিজভী
রুহুল কবির রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, কঠোর হতে প্রধানমন্ত্রীর নির্দেশের পর নির্বাচন কমিশন কঠোর হয়েছে ঠিকই। তারা কঠোর হয়েছে গণতন্ত্রকে ধ্বংস ও ভোটাররা যাতে কেন্দ্রে যেতে না পারেন সে জন্য। ভোট দিতে না পেরে ভোটাররা কেন্দ্র থেকে কেঁদে কেঁদে ফিরে গেছেন। প্রধানমন্ত্রীর নির্দেশের পর নির্বাহী ম্যাজিস্ট্রেটরাও ভোট ডাকাতিতে অংশ নিয়েছেন বলে বলে তিনি অভিযোগ করেন।

আজ সোমবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী এসব অভিযোগ করেন।

রুহুল কবির রিজভী বলেন, ‘আগে ভোট ডাকাতি করত আওয়ামী সন্ত্রাসী ও নির্বাচনী কর্মকর্তারা। আর এবার প্রধানমন্ত্রীর কঠোর হওয়ার নির্দেশের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেটরাও ভোট ডাকাতিতে অংশগ্রহণ করেছেন। ভোটাররা ভোট দেওয়ার জন্য কেন্দ্রে দাঁড়িয়ে কাঁদে, ভোট দেয় সন্ত্রাসী ও নির্বাচনী দায়িত্বরত কর্মকর্তারা।’

বিএনপির এই নেতার দাবি, তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে ৪৮টি জেলার ৬১৪টি ইউনিয়নের ভোটকেন্দ্র ও আশপাশের এলাকায় সংঘাত ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে পাঁচজন নিহত হয়েছেন। অর্ধশতাধিক লোক গুলিবিদ্ধ হন। আগের দুই ধাপের মতো তৃতীয় দফার নির্বাচনেও বিএনপির এজেন্টদের বের করে দেওয়া, ভোটারদের ভোট প্রদানে বাধা, অস্ত্রের মহড়া, হামলা ও নিরুপায় হয়ে প্রার্থীদের ভোট বর্জনের চিত্র ছিল একই। জাল ভোট প্রদান ও অনিয়মের অভিযোগে ক্ষমতাসীন দলের অর্ধশতাধিক নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। এ সময় অনেকের কাছ থেকে দেশীয় অস্ত্রও উদ্ধার করা হয়েছে। অনিয়মের আশ্রয় নেওয়ায় এক প্রিসাইডিং কর্মকর্তাকে গ্রেপ্তার এবং দুই সহকারী প্রিসাইডিং কর্মকর্তাকে আটক করা হয়। ভোটের দিন সকাল আটটায় ভোট শুরু হওয়ার কথা থাকলেও অনেক কেন্দ্রে ভোট শুরু হয়ে যায় আগের রাতে।

রিজভী অভিযোগ করেন, তৃতীয় দফায় ইউনিয়নগুলোতে কেন্দ্র দখল করে জাল ভোটের মহোৎসব চলে। র‍্যাব, পুলিশ, বিজিবি ও নির্বাচনী কর্মকর্তাদের সহযোগিতায় প্রকাশ্যে সিল মারে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগ সন্ত্রাসীরা। নির্বাচনে দায়িত্বরত প্রিসাইডিং অফিসার, র‍্যাব, পুলিশ, বিজিবি, এমনকি কোনো কোনো স্থানে নির্বাহী ম্যাজিস্ট্রেটরাই নৌকা প্রতীকে সিল মারতে সহায়তা করেন। বিএনপি ও বিরোধী দলের এজেন্টদের বের করে দিয়ে ধানের শীষের প্রার্থীদের কেউ যেন কেন্দ্রের ধারে-কাছে আসতে পারে, এ জন্য র‍্যাব, পুলিশ, বিজিবি সব সময় তৎপর ছিল। ভোট দিতে না পেরে সাধারণ ভোটারদের কেন্দ্র থেকে কাঁদতে কাঁদতে ফিরে যেতে দেখা গেছে।