ভোটারের সঙ্গে গোপন কক্ষে ঢুকছেন প্রার্থীর এজেন্টও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আশরাফাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের গোপন কক্ষে দুজন মিলে ভোট দিচ্ছেন। একই অবস্থা দেখা যায় ঢাকার বিভিন্ন এলাকায়। কামরাঙ্গীর চর, ঢাকা, ১ ফেব্রুয়ারি। ছবি: আবদুস সালাম
আশরাফাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের গোপন কক্ষে দুজন মিলে ভোট দিচ্ছেন। একই অবস্থা দেখা যায় ঢাকার বিভিন্ন এলাকায়। কামরাঙ্গীর চর, ঢাকা, ১ ফেব্রুয়ারি। ছবি: আবদুস সালাম

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৭ নম্বর ওয়ার্ডের একটি ভোট কেন্দ্রে ভোটারের সঙ্গে বুথের গোপন কক্ষে ঢুকছেন প্রার্থীর এজেন্টও। তবে এ বিষয়ে দায়িত্বরত প্রিসাইডিং কর্মকর্তা বলেছেন, কেউ তাকে অভিযোগ করেনি।

রাজাবাজারের নাজনীন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে মহিলাদের একটি কক্ষে এক নারী ভোটারকে ভোট দেওয়ার উপায় বুঝিয়ে দিচ্ছিলেন দায়িত্বরত পোলিং কর্মকর্তা। তার সঙ্গে দাঁড়িয়েছিলেন নৌকা ও লাটিম মার্কার এক নারী এজেন্ট। তিনি প্রথমে ভোটারের সঙ্গে গোপন কক্ষে ঢুকতে গেলে আরেক এজেন্ট সাংবাদিকের উপস্থিতি টের পেয়ে ইশারায় নিষেধ করেন। পরে ভোটার ভোট কক্ষে ঢুকলে ওই নারী এজেন্ট ভেতরে যান।

এ বিষয়ে দায়িত্বরত কর্মকর্তাদের জিজ্ঞেস করলে বলেন, ভোটার সাহায্যের জন্য ডেকেছেন। কিন্তু সাহায্যের জন্য পোলিং এজেন্ট বা সহকারী প্রিসাইডিং কর্মকর্তা না গিয়ে প্রার্থীর এজেন্ট কেন ঢুকলেন জানতে চাইলে তারা কোনো উত্তর দেননি।

বিষয়টি নিয়ে ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা ফজলে রাব্বিকে জিজ্ঞেস করা হলে বলেন, 'কেউ তো এসে অভিযোগ করেনি। আর আপনারা তো সবই জানেন।'
এ ছাড়া তেজগাঁও সরকারি কলেজ কেন্দ্রের ভেতরে প্রার্থীর পক্ষর এজেন্ট ছাড়াও প্রচুর লোকের সমাগম ছিল।