ভোটে নেতা নির্বাচন চায় তৃণমূল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১১ বছর পর আজ বৃহস্পতিবার যশোর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন হতে যাচ্ছে। কাউন্সিলররা ভোটের মাধ্যমে নেতা নির্বাচন চান। তবে মনোনয়নের মাধ্যমেও নেতা নির্বাচনের তৎপরতা চলছে। ফলে অধিবেশনে গোলমাল হওয়ার আশঙ্কা করছেন অনেক কাউন্সিলর। নড়াইল জেলা আওয়ামী লীগেরও সম্মেলন হচ্ছে ১৫ ফেব্রুয়ারি। ওই সম্মেলন হবে ১০ বছর পর।
যশোর জেলা আওয়ামী লীগ কার্যত দুই ভাগে বিভক্ত। এক ভাগের নেতৃত্বে আছেন সভাপতি আলী রেজা রাজু ও অন্য ভাগের নেতৃত্বে সাধারণ সম্পাদক শাহিন চাকলাদার। তাঁদের মধ্যে বিরোধ দীর্ঘদিনের।
কোন প্রক্রিয়ায় কমিটি গঠন করতে চান—এ প্রশ্নে সভাপতি প্রার্থী ও বর্তমান সভাপতি আলী রেজা বলেন, ‘গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের মাধ্যমে নেতা নির্বাচনের কথা বলেছি। এখন দেখা যাক, কী হয়।’
তবে অপর সভাপতি প্রার্থী ও বর্তমান সহসভাপতি পীযূষ কান্তি ভট্টাচার্য বলেন, ‘ভোটের মাধ্যমে যদি নেতা নির্বাচন করতেই হয়, সে ক্ষেত্রে ৭১টি পদেই তা প্রযোজ্য। শুধু সভাপতি আর সাধারণ সম্পাদক পদে ভোট হলে তা মানব না।’
এ বিষয়ে এবারও সাধারণ সম্পাদক প্রার্থী শাহীন চালকাদারের কোনো মন্তব্য পাওয়া যায়নি। ফোন না ধরায় কথা বলা যায়নি খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হকেরও।
দলীয় সূত্রে জানা যায়, সম্মেলনে প্রধান অতিথি থাকবেন দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। এ ছাড়া সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্লাহ, যুগ্ম সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।
সম্মেলন সফল করতে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। শহর ও শহরতলির গুরুত্বপূর্ণ রাস্তা ও মোড়ে অন্তত ৩০০ তোরণ নির্মাণ করা হয়েছে। শহরের তোরণগুলোতে করা হয়েছে আলোকসজ্জার ব্যবস্থা। সম্মেলনস্থল কেন্দ্রীয় ঈদগাহ মাঠ ও আশপাশের এলাকা ছেয়ে গেছে ব্যানার-ফেস্টুনে।
নড়াইলে সভাপতি-সাধারণ সম্পাদক পদে প্রায় এক ডজন প্রার্থীর নাম শোনা যাচ্ছে। কিন্তু কাউন্সিলরদের কাছে কোনো প্রার্থী ভোট চাইতে যাচ্ছেন না। বরং প্রার্থীরা কেন্দ্রীয় নেতাদের সঙ্গে লবিং করছেন। ফলে সম্মেলন ঘিরে তৃণমূল কর্মীদের মধ্যে যে ধরনের প্রাণচাঞ্চল্য ও উৎসাহ-উদ্দীপনা থাকার কথা তা নেই।
তৃণমূলের একাধিক নেতা জানান সম্মেলন হবে, অথচ কেউ ভোট চাইতে আসছেন না। সভাপতি প্রার্থী ও বর্তমানে জ্যেষ্ঠ সহসভাপতি ফজলুর রহমান বলেন, ‘কমিটি কেন্দ্র থেকে ঘোষিত হওয়ার সম্ভাবনাই বেশি। সম্মেলনে ভাষণ হবে, খাওয়া-দাওয়া হবে, তবে ভোট হবে না।’
নড়াইল পৌর আওয়ামী লীগের সভাপতি মলয় কুমার কুণ্ডু জানান, দলের অভ্যন্তরীণ কোন্দলের কারণে নড়াইল ও লোহাগড়া পৌরসভার মেয়রসহ সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানের মতো গুরুত্বপূর্ণ পদ হারাতে হয়েছে।
তবে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মোহম্মদ আলী বলেন, ব্যক্তিগত পছন্দ-অপছন্দ থাকতে পারে। সেটাকে পক্ষ বলা ঠিক হবে না। কাউন্সিলরদের মতামতের ভিত্তিতেই নেতৃত্ব সৃষ্টি করা উচিত।
সম্মেলন উপলক্ষে সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চ চত্বরে নির্মাণ করা হচ্ছে বড় প্যান্ডেল। এই জেলায় সর্বশেষ সম্মেলন হয় ২০০৪ সালে।