ভোটে সেনা চায় ইসলামী আন্দোলন ও ইসলামী ফ্রন্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী নির্বাচনে সেনা মোতায়েনের দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও ইসলামী ফ্রন্ট। এ জন্য আইন সংশোধনেরও দাবি জানিয়েছে দল দুটি।

গতকাল রোববার আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে পৃথক সংলাপে দল দুটির পক্ষ থেকে ‘সুষ্ঠু নির্বাচনের স্বার্থে’ এ দাবি জানানো হয়। এর আগে সুশীল সমাজ ও গণমাধ্যমের প্রতিনিধিসহ আরও কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে ইসির সংলাপে সেনা মোতায়েনের দাবি উঠেছিল।

গতকাল সকালে ইসলামী ফ্রন্ট ও বিকেলে ইসলামী আন্দোলনের নেতাদের সঙ্গে সংলাপ করে কমিশন। এ সময় সেনা মোতায়েনের দাবিসহ ইসলামী ফ্রন্ট পক্ষ ১০ দফা এবং ইসলামী আন্দোলন ১৫ দফা সুপারিশ করে।

ইসলামী আন্দোলনের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দ মো. মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীর নেতৃত্বে ১১ সদস্যের প্রতিনিধিদল সংলাপে অংশ নেয়। ইসলামী আন্দোলন সংসদ ভেঙে অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনী পরিবেশ তৈরি করারও সুপারিশ করে। এ ছাড়া পক্ষপাতদুষ্ট নির্বাচন  করলে ইসিকে আইনের আওতায় আনতে আইন প্রণয়ন, অনলাইনের মনোনয়ন দাখিল, নির্বাচনী জামানত ১০ হাজার টাকা করা, সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচনপদ্ধতি প্রণয়ন, নির্বাচনী ব্যয় কমানো ও সবার জন্য সমান সুযোগ সৃষ্টির সুপারিশ এবং আগামী নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের বিপক্ষে মত দেয় দলটি। সৈয়দ মো. মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী পরে সাংবাদিকদের কাছে তাঁদের সুপারিশগুলো তুলে ধরেন।

ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান আবদুল মান্নানের নেতৃত্বে দলটি ১২ সদস্য ইসির সঙ্গে সংলাপ করে। দলটির দেওয়া সুপারিশের মধ্যে রয়েছে নির্বাচনকালে স্বরাস্ট্র, জনপ্রশাসন ও স্থানীয় সরকার মন্ত্রণালয় ইসির হাতে রাখা এবং নির্বাচনী বিতর্কের আয়োজন করা।

দলটি ২০২০ সালের মধ্যে দলের সব পর্যায়ের কমিটিতে ৩৩ শতাংশ নারী নেতৃত্ব রাখার শর্ত বাতিল করার পক্ষে মত দিয়েছে। এর কারণ জানতে চাইলে দলটির মহাসচিব এম এ মতিন সাংবাদিকের বলেন, সব কমিটিতে এই সংখ্যক নারী প্রতিনিধি রাখার আইন বাস্তবসম্মত নয়। এ কারণে তাঁরা এই আইন বাতিল করে বরং প্রত্যেক দলে নারীদের জন্য আলাদা অঙ্গ বা সহযোগী সংগঠন বাধ্যতামূলক করার সুপারিশ করেছেন।

সংলাপে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা।