ভোটের তারিখ পরিবর্তনের দাবি

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ভোটের তারিখ পরিবর্তন করার দাবি জানিয়েছে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ ও বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ। হিন্দুধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজার কারণে ৩০ জানুয়ারি ভোট না করার দাবি জানিয়েছে এই দুটি সংগঠন।
আজ মঙ্গলবার এই দুটি সংগঠনের নেতারা নির্বাচন কমিশনে (ইসি) চিঠি দিয়ে নির্বাচনের তারিখ পরিবর্তনের দাবি জানান।
প্রধান নির্বাচন কমিশন কে এম নূরুল হুদা বরাবর লেখা চিঠিতে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ বলেছে, হিন্দু সম্প্রদায়ের পূজা-পার্বণ এবং ধর্মীয় আচার-অনুষ্ঠান পালিত হয় তিথি ও গণনার মাধ্যমে। সে মতে পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা অনুষ্ঠিত হবে। পঞ্জিকা মতে এ বছর ২৯ ও ৩০ জানুয়ারি দুদিন পূজা হবে।
চিঠিতে বলা হয়, আবহমান কাল থেকে দেশের প্রায় প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বিদ্যাদেবী মা সরস্বতীর পূজা অনুষ্ঠিত হয়। ঢাকা শহরেও প্রতিটি স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ে সকাল থেকে দিনব্যাপী প্রতিমা স্থাপন, পূজা অনুষ্ঠান, অঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ এবং সন্ধ্যা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান চলে মধ্যরাত পর্যন্ত। ঢাকার প্রধান প্রধান স্কুলসহ অনেক শিক্ষাপ্রতিষ্ঠানই ভোটকেন্দ্র। এতে নির্বিঘ্নে পূজা অনুষ্ঠান ও ভোটকেন্দ্র একই কীভাবে সম্ভব তা বোধগম্য নয়। এই অবস্থায় ২৯ ও ৩০ জানুয়ারি বাদে অন্য কোনো দিন ভোটের তারিখ পুনর্নির্ধারণ করার দাবি জানানো হয় চিঠিতে।
অন্যদিকে ইসি সচিবের কাছে লেখা চিঠিতে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ বলেছে, এবার তিথি অনুযায়ী ২৯ ও ৩০ জানুয়ারি সরস্বতী পূজা অনুষ্ঠিত হবে। ভোটের অন্তত এক দিন আগেই ভোটকেন্দ্র হিসেবে নির্বাচিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো নির্বাচন পরিচালনাকারী কর্তৃপক্ষকে নিজেদের নিয়ন্ত্রণে নিতে হবে। তারা ভোটের তারিখ পরিবর্তন বা যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে সরস্বতী পূজা হবে, সেখানে ভোটকেন্দ্র না করার অনুরোধ করেছে।