ভোটের ফল মেনে নেব: প্রধানমন্ত্রী

সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীরা জয়ী হবেন বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে নির্বাচনে ভোটের ফল মেনে নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আজ মঙ্গলবার সকালে একদম শুরুতেই ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীদের তিনি ভোট দিয়েছেন বলে সাংবাদিকদের জানান।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, শেখ হাসিনা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৫ নম্বর ওয়ার্ডের ভোটার।
সকাল আটটায় ভোট শুরুর আগেই রাজধানীর ধানমন্ডির সিটি কলেজ কেন্দ্রে যান প্রধানমন্ত্রী। ভোট শুরুর পর এই কেন্দ্রে নারী বুথে প্রথম ভোট দেন তিনি। পরে সেখানে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীরা জয়ী হবেন বলে প্রধানমন্ত্রীর আশা। একই সঙ্গে তিনি বলেন, জনগণ যে রায় দেবেন, তা মেনে নেবেন।
বিএনপিকে গণতন্ত্রের পথে এসে জনগণের রাজনীতি করার পরামর্শ দেন প্রধানমন্ত্রী।
নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির দেওয়া আন্দোলনের হুমকি প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, কেউ সহিংসতা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথাযথ ব্যবস্থা নেবে। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে যা যা করণীয়, তা করা হবে।
ঢাকার উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশনে আজ ভোট নেওয়া হচ্ছে। সকাল আটটায় ভোট নেওয়া শুরু হয়েছে। চলবে বিকেল চারটা পর্যন্ত।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, আজ তিন সিটি করপোরেশন নির্বাচনে ভোট দেবেন ৬০ লাখ ৩৩ হাজার ১২৫ জন। ঢাকা উত্তরে ভোটার প্রায় সাড়ে ২৩ লাখ, দক্ষিণে ১৮ লাখ ৭০ হাজার ও চট্টগ্রামে ১৮ লাখ ১৩ হাজার।
আজকের নির্বাচনে মেয়র প্রার্থীদের মধ্যে বেশি আলোচনায় আছেন ঢাকা উত্তরে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী আনিসুল হক ও বিএনপি-সমর্থিত তাবিথ আউয়াল, ঢাকা দক্ষিণে বিএনপি-সমর্থিত মির্জা আব্বাস ও আওয়ামী লীগ-সমর্থিত সাঈদ খোকন। চট্টগ্রামে রয়েছেন বিএনপি সমর্থিত মোহাম্মদ মনজুর আলম ও আওয়ামী লীগ-সমর্থিত আ জ ম নাছির উদ্দিন।