কাউন্সিলরদের ভোটের মাধ্যমে নোয়াখালী জেলা বিএনপির কমিটি গঠন করার দাবিতে গতকাল রোববার শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশিদ আজাদের অনুসারী নেতা-কর্মীরা এই কর্মসূচি পালন করেন। গত ১৩ ফেব্রুয়ারি কেন্দ্র থেকে জেলা বিএনপির আংশিক কমিটি গঠন করা হয়।
গতকাল বেলা সোয়া ১১টার দিকে শহরের ফ্ল্যাট রোড থেকে নেতা-কর্মীরা একটি মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে পৌরবাজারসংলগ্ন মফিজ প্লাজার সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন নেতা-কর্মীরা।
সমাবেশে বক্তব্য দেন স্বেচ্ছাসেবক দলের নোয়াখালী জেলা কমিটির আহ্বায়ক আবদুল করিম ওরফে মুক্তা, যুগ্ম আহ্বায়ক এ বি এম কলিম উল্যাহ, শহর যুবদল নেতা মনির উদ্দিন প্রমুখ। বক্তারা বলেন, হারুনুর রশিদ আজাদ যাতে জেলা বিএনপির সভাপতি নির্বাচিত না হতে পারেন, সে জন্য পরিকল্পিতভাবে গত ৩০ বছরের ডিসেম্বরে অনুষ্ঠিত সম্মেলনে গন্ডগোল বাধানো হয়। এরপর কাউন্সিলরদের ভোট না নিয়ে কমিটি ঘোষণা করা হয়। এই কমিটি গ্রহণযোগ্য হতে পারে না। ভোটের মাধ্যমে জেলা বিএনপির কমিটি গঠন করার দাবি জানান তাঁরা।
এ বিষেয় জেলা বিএনপির যুগ্ম সম্পাদক লিয়াকত আলী খান বলেন, দলের চেয়ারপারসনের নির্দেশে নতুন কমিটি গঠিত হয়েছে। এ নিয়ে কারও দ্বিমত করার কোনো সুযোগ নেই। যাঁরা মিছিল করেছেন তাঁরা বিএনপির নয়, বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা-কর্মী। তাঁরা তো কাউন্সিলর নয়।
দীর্ঘ প্রায় সাত বছর পর ৩০ ডিসেম্বর জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। জেলা শিল্পকলা একাডেমিতে সম্মেলনের প্রথম পর্বের শেষ দিকে সভাপতি পদের দুই প্রার্থী হারুনুর রশিদ আজাদ ও মাহবুব আলমগীরের সমর্থকেরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ অবস্থায় সম্মেলনের কাউন্সিল অধিবেশন স্থগিত করা হয়। পরে ১৩ ফেব্রুয়ারির কেন্দ্র থেকে আবদুর রহমানকে সভাপতি ও মাহবুব আলমগীরকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়। যদিও ৩০ ডিসেম্বরের সম্মেলনে আবদুর রহমান সাধারণ সম্পাদক প্রার্থী আর মাহবুব আলমগীর ছিলেন সভাপতি প্রার্থী।
আবদুর রহমান আগে নোয়াখালী সদর উপজেলা বিএনপির সভাপতি ছিলেন। একই কমিটির সাধারণ সম্পাদক ছিলেন মাহবুব আলমগীর। জেলা বিএনপির ১৩ সদস্যের আংশিক কমিটিতে হারুনুর রশিদ আজাদকে রাখা হয়নি।
ঘোষিত আংশিক কমিটির পক্ষে-বিপক্ষে সেনবাগ উপজেলা সদরে আনন্দ মিছিল ও ঝাড়ু মিছিল হয়েছে। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুকের অনুসারী নেতা-কর্মীরা গত ২০ ফেব্রুয়ারি সেনবাগে ঝাড়ু মিছিল করেন।
জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশিদ আজাদ দাবি করেন, গঠনতান্ত্রিকভাবে সম্মেলনের পর কাউন্সিল অধিবেশন হলে সর্বোচ্চ ভোটে তিনি সভাপতি নির্বাচিত হতেন। কিন্তু পরিকল্পিতভাবে একটি মহল সম্মেলনে গন্ডগোল বাধায়, যাতে তাঁদের ইচ্ছামতো পছন্দের কমিটি গঠন করা যায়।
ভোটের মাধ্যেম নতুন কমিটি গঠনের দাবিতে বিক্ষোভ মিছিলের বিষয়ে জেলা বিএনপির সভাপতি আবদুর রহমান গতকাল বিকেলে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, নিয়মতান্ত্রিকভাবে জেলা বিএনপির কমিটি গঠিত হয়েছে। আংশিক কমিটিতে যাঁদের নাম নেই, তাঁদের মাঝে কিছুটা অসন্তোষ থাকতে পারে। তবে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হলে সবকিছু ঠিক হয়ে যাবে।