ভোটের মাধ্যমে নেতৃত্ব চান নেতা-কর্মীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় ১৪ বছর পর ১৫ জুলাই লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সম্মেলন। সম্মেলনকে কেন্দ্র করে নেতা-কর্মীরা তৎপর হয়ে উঠেছেন। এর আগে পাঁচবার জেলা আওয়ামী লীগ নেতারা সম্মেলনের তারিখ ঘোষণা করলেও রহস্যজনক কারণে তা হয়নি।

গত রোববার দুপুরে রামগঞ্জ শহরের জিয়া অডিটোরিয়ামে সম্মেলন প্রস্তুতি কমিটির সভা হয়। ওই সভায় ৩৮২ জন কাউন্সিলরের (ভোটার) তালিকা প্রকাশ করা হয়। এ সময় কাউন্সিলর ও দলীয় নেতা-কর্মীরা ভোটের মাধ্যমে নেতা নির্বাচিত করার দাবি জানান। পকেট কমিটি করা হলে গণ-পদত্যাগ করার হুমকি দেন তাঁরা।

দলীয় সূত্রে জানা গেছে, রামগঞ্জ শিশুপার্কে এ সম্মেলন হওয়ার কথা রয়েছে। এতে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। এটি সফল করতে স্থানীয় নেতারা পাঁচটি সভা করেছেন। সম্মেলন প্রস্তুতির জন্য গঠন করা হয়েছে ছয়টি উপকমিটি। এর আগে সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী এবং উপকমিটির নেতাদের নিয়ে ঢাকায় একাধিকবার বৈঠক করেছেন জেলা নেতারা।

দলীয় সূত্রে আরও জানা গেছে, ২০০৩ সালে মো. শাহজাহানকে সভাপতি ও আ ক ম রুহুল আমিনকে সাধারণ সম্পাদক করে উপজেলা আওয়ামী লীগের ৬৫ সদস্যবিশিষ্ট কমিটি করা হয়। এ কমিটির গুরুত্বপূর্ণ ৮ নেতা ইতিমধ্যে মারা গেছেন। আর অধিকাংশ নেতা রাজনীতিতে নিষ্ক্রিয়। সম্মেলনে উপজেলা আওয়ামী লীগ থেকে ৫৭ জন কাউন্সিলর, ১০ ইউনিয়ন থেকে ৩১ জন করে ৩১০ এবং বিশেষ বিবেচনায় ১৫ জন কাউন্সিলর থাকবেন। মোট ৩৮২ জন কাউন্সিলরের সম্মেলনে ভোট দেওয়ার কথা রয়েছে।

দলের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সভাপতি পদে উপজেলা কমিটির বর্তমান সভাপতি মো. শাহজাহান, জেলা আওয়ামী লীগের সহসভাপতি সফিকুল ইসলাম ও সফিক মাহমুদ কেন্দ্রে ও এলাকায় জোর লবিং চালাচ্ছেন। সাধারণ সম্পাদক পদে বর্তমান কমিটির সাধারণ সম্পাদক আ ক ম রুহুল আমিন, উপজেলা কমিটির সহসভাপতি মনির হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন দেওয়ান, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আকবর হোসেন ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলাল আহমেদ প্রার্থী হয়েছেন।

ভোলাকোট ইউপির চেয়ারম্যান বশির আহাম্মেদ, প্যানেল মেয়র মামুনুর রশিদসহ ১২ জন কাউন্সিলর বলছেন, গোপন ব্যালটের মাধ্যমে তাঁরা নেতা নির্বাচিত করতে চান। যাঁরা দলের জন্য শ্রম দিয়েছেন, নির্যাতনের শিকার হয়েছেন এবং সব সময় যাঁদের পাশে পেয়েছেন; তাঁদেরই তাঁরা নেতা নির্বাচিত করবেন। পকেটে কমিটি চাপিয়ে দিলে তাঁরা মেনে নেবেন না।

সম্মেলনের অভ্যর্থনা উপকমিটির যুগ্ম আহ্বায়ক এম এ মমিন পাটওয়ারী বলেন, ‘সম্মেলনে ২০ হাজারের বেশি নেতা-কর্মীকে উপস্থিত রাখতে আমাদের সব ধরনের প্রস্তুতি চলছে। সাধারণ সম্পাদক পদে এবার সাবেক ছাত্রনেতারা প্রার্থী হওয়ায় সম্মেলনের আমেজে নতুন মাত্রা যোগ হয়েছে।’

সাধারণ সম্পাদক পদপ্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন দেওয়ান বলেন, একটি পক্ষ তৎপর রয়েছে কাউন্সিলদের মতামত না নিয়ে, পকেট কমিটি ঘোষণা করার জন্য। এটি হলে নেতা-কর্মীরা কোনোভাবেই তা মেনে নেবেন না এবং এ জন্য গণ-পদত্যাগ করবেন।

আরেক সাধারণ সম্পাদক প্রার্থী ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আকবর হোসেন বলেন, ‘ছাত্রলীগ থেকে রাজনীতি করছি। দীর্ঘদিন ধরে দলের জন্য কাজ করছি। আশা রাখি দল মূল্যায়ন করবে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. শাহজাহান বলেন, ‘আমি নেতৃত্বে আসার পর পরিকল্পিতভাবে রামগঞ্জকে আওয়ামী লীগের ঘাঁটি বানিয়েছি। একসময় এখানে বিএনপি ছাড়া কোনো কথা ছিল না। দলের সিদ্ধান্তে এখন এমপি, উপজেলা পরিষদ, পৌরসভা, ইউনিয়ন পরিষদসহ প্রায় সব স্থানে আওয়ামী লীগ নেতারা পূর্ণ প্যানেলে নির্বাচিত হয়েছেন। দলও বেশ সুসংগঠিত। দল আমার রাজনৈতিক শ্রমের মূল্যায়ন করবে।’

 জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী বলেন, সম্মেলনে কাউন্সিলররাই নেতা নির্বাচিত করবেন। একটি সুশৃঙ্খল সম্মেলন আয়োজন করতে নেতা-কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে।