মেয়াদ শেষ হওয়ার আট বছর পর পঞ্চগড় জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন আজ বুধবার অনুষ্ঠিত হচ্ছে। দলীয় কোন্দলের কারণে এত দিন সম্মেলন হয়নি। এ কারণে দলের সাংগঠনিক অবস্থা দুর্বল হয়ে পড়েছিল। তাই সম্মেলনের দিন ঠিক হওয়ায় নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে। তবে চাপিয়ে না দিয়ে ভোটের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্ধারণ করার দাবি জানিয়েছেন তাঁরা।
গতকাল মঙ্গলবার সংবাদ সম্মেলন করে জেলা আওয়ামী লীগের সভাপতি ও পঞ্চগড়-২ আসনের সাংসদ নূরুল ইসলাম আজ ত্রিবার্ষিক সম্মেলন করার বিষয়টি নিশ্চিত করেছেন।
দলীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী মেয়াদ শেষ হওয়ার তিন বছর পর সম্মেলন হওয়ার কথা। কিন্তু পঞ্চগড়ে তা হয়নি। ৭ জানুয়ারি জেলা আওয়ামী লীগের সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়েছে। সর্বশেষ ২০০৪ সালের ২১ জুন জেলা আওয়ামী লীগের সম্মেলন হয়। এতে নূরুল ইসলামকে সভাপতি ও মজাহারুল হক প্রধানকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্যের জেলা কমিটি গঠন করা হয়।
দলের নেতা-কর্মীরা জানান, সুপ্রিম কোর্টের আইনজীবী ও সাংসদ হওয়ায় জেলা আওয়ামী লীগের সভাপতি বেশির ভাগ সময় ঢাকায় থাকেন। কমিটির অন্য সদস্যরা সেভাবে সংগঠন গোছানোর কাজে সময় দেননি। তবে বিভিন্ন সময় নির্বাচনী এলাকা অনুযায়ী সভাপতি বোদা ও দেবীগঞ্জে; সাধারণ সম্পাদক তেঁতুলিয়া, সদর ও আটোয়ারী উপজেলায় ইউনিয়ন, পৌরসভা ও উপজেলা আওয়ামী লীগের সম্মেলন করে নতুন কমিটি গঠন করেন। কিন্তু সভাপতি ও সাধারণ সম্পাদকের দ্বন্দ্বের কারণে তেঁতুলিয়া, সদর ও আটোয়ারী উপজেলায় একাধিক কমিটি হয়। এতে সংগঠনের মধ্যে কোন্দল দেখা দেয়।
তবে জেলা আওয়ামী লীগের সভাপতি নূরুল ইসলাম গতকাল সংবাদ সম্মেলনে কোন্দলের কারণে যথাসময়ে সম্মেলন না হওয়ার কথা সঠিক নয় বলে দাবি করেছেন। তিনি আরও দাবি করেন, দেরিতে সম্মেলন হওয়ার জন্য দায়ী কেন্দ্র। তা ছাড়া সদস্য নবায়ন, সদস্য সংগ্রহ করতেও বিলম্ব হয়েছে।
সাধারণ সম্পাদক মজাহারুল হকও দলীয় কোন্দলের কারণে যথাসময়ে সম্মেলন আয়োজন না করতে পারার কথা স্বীকার করেননি।
নেতা-কর্মীদের দাবি, ব্যালটের মাধ্যমে কমিটি গঠন করতে হবে। এর বাইরে কোনো কিছু মানবেন না তাঁরা। সভাপতি হিসেবে বর্তমান সভাপতি ছাড়া আর কারও নাম শোনা যাচ্ছে না। তবে সাধারণ সম্পাদক পদে বর্তমান সাধারণ সম্পাদক ছাড়াও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার সাদাত, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্বাস আলী, প্রচার সম্পাদক আবু তোয়াবুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবু সারোয়ার ও মির্জা সারোয়ার হোসেন প্রচারণা চালাচ্ছেন। দলের তৃণমূল ও তরুণ নেতারা অবশ্য দুটি পদেই নেতৃত্বের পরিবর্তন চান। তাঁদের দাবি, নতুন কাউকে নেতৃত্বে আসার সুযোগ করে দিতে হবে।
এ ব্যাপারে মজাহারুল হক বলেন, কাউন্সিলররা চাইলে নির্বাচিত হবেন, না চাইলে হবেন না। সবকিছুই নির্ভর করবে কাউন্সিলরদের ওপর। কোনো দায়িত্ব না পেলেও দলের জন্য কাজ করবেন।
সভাপতি নূরুল ইসলাম মুঠোফোনে বলেন, তিনি নিজে থেকেই কোনো পদের প্রার্থী হচ্ছেন না। কাউন্সিলররা চাইলে প্রার্থী হতে বিবেচনা করবেন। ভোটের মাধ্যমে নেতা নির্বাচনের বিষয়ে তিনি গতকালের সংবাদ সম্মেলনে বলেন, সমঝোতা বা ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচনের বিষয়টি কাউন্সিলর আর কেন্দ্রীয় নেতাদের ওপর নির্ভর করছে।