ভোটের মাধ্যমেই নেতৃত্ব নির্ধারণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোটের মাধ্যমেই নেতৃত্ব নির্ধারণ করলেন পঞ্চগড় জেলা আওয়ামী লীগের নেতারা। সভাপতি পদে মো. নূরুল ইসলাম আবারও নির্বাচিত হয়েছেন। দুই প্রার্থী সমান ভোট পাওয়ায় সাধারণ সম্পাদক পদে বিজয়ীর নাম ঘোষণা করা হয়নি।
দলীয় সূত্রে জানা গেছে, গত বুধবার সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের দ্বিতীয় অধিবেশন পঞ্চগড় সরকারি মিলনায়তনে শুরু হয়। আলোচনার মাধ্যমে নেতা নির্বাচন সম্ভব না হওয়ায় কাউন্সিলরদের সম্মতিক্রমে ভোট গ্রহণের সিদ্ধান্ত হয়। সভাপতি পদে জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও পঞ্চগড়-২ আসনের সাংসদ নূরুল ইসলাম ও সাবেক সহসভাপতি রবি মাহমুদ এবং সাধারণ সম্পাদক পদে সাবেক সাধারণ সম্পাদক মজাহারুল হক প্রধান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আনোয়ার সাদাত, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্বাস আলী ও সাবেক প্রচার সম্পাদক আবু তোয়াবুর রহমান প্রার্থিতা ঘোষণা করেন। ১৯৫ জন কাউন্সিলরের ভোটে নূরুল ইসলাম পুনর্নির্বাচিত হন। গভীর রাতে প্রধান অতিথি আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য র আ ম উবায়দুল মোক্তাদির চৌধুরী সভাপতি পদে নূরুল ইসলামকে নির্বাচিত ঘোষণা করেন। সাধারণ সম্পাদক পদে মজাহারুল হক প্রধান ও আনোয়ার সাদাত ৯৩টি করে এবং অপর দুই সাধারণ সম্পাদক প্রার্থী আব্বাস আলী ও আবু তোয়াবুর রহমান চারটি করে ভোট পান।
দলীয় সূত্রে জানা গেছে, সাধারণ সম্পাদক পদে সমান ভোট পাওয়ায় কেন্দ্রীয় নেতারা মুঠোফোনে বিষয়টি দলের সভানেত্রী শেখ হাসিনাকে জানান। শেখ হাসিনা উভয় প্রার্থীকে ঢাকায় ডেকে বিষয়টি সমাধান করবেন বলে তাঁদের জানিয়েছেন।