ভোটের রাজনীতিতে বিএনপিকে তুচ্ছ করে দেখার উপায় নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল শনিবার রাজশাহীতে সরকারি মাদ্রাসা মাঠে আয়োজিত দলের বিভাগীয় কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আগামী বছর ডিসেম্বরের মধ্যে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি যত এলোমেলো, যত দুর্বল হোক না কেন, তাদের সমর্থন দুর্বল নয়। বিএনপি ইলেকশনে আসবে, প্রধান প্রতিদ্বন্দ্বীও হবে।’
তবে বিএনপিকে নিয়ে বিচলিত হওয়ার দরকার নেই বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘৫৯৬ জনের কমিটি করছে। কয়দিন পরপর বলে আন্দোলন করবে। প্রথমে ঘোষণা দিল রোজার ঈদের পর, তারপর বলল কোরবানির ঈদের পর। এরপর বলে পরীক্ষার পর। এভাবেই মাস যায়, বছর যায়। আন্দোলন আর হয় না।’
দলের মধ্যে থেকে যাঁরা ‘অপকর্ম করছেন’, তাঁদের সংশোধন হওয়ার নির্দেশ দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘সরকারের উন্নয়নে ঘাটতি নেই। কিন্তু নেতা-কর্মীদের আচরণে ঘাটতি আছে। আচরণ শুদ্ধ করতে হবে।’
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানকের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, ভূমি প্রতিমন্ত্রী শামসুর রহমান, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ রাজশাহী বিভাগের সাংসদ ও জনপ্রতিনিধিরা। এ সময় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য অধ্যাপক আবদুল খালেক, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এ এইচ এম খায়রুজ্জামান লিটন, কেন্দ্রীয় সদস্য ও বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি সাংসদ ওমর ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ প্রমুখ।
‘আদালত কী আদেশ দেন তা তো দেখবেন’
নাটোর প্রতিনিধি জানান, নাটোরের কানাইখালী পুরোনো বাসস্ট্যান্ডে গতকাল সন্ধ্যায় জেলা আওয়ামী লীগ আয়োজিত পথসভায় বক্তব্য দেন ওবায়দুল কাদের। এতে তিনি বিএনপির নেতাদের সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করে বলেন, ‘আমরা কি বলেছি নাকি খালেদা জিয়াকে জেলে পাঠাব? আমরা তো তা বলিনি। আদালত কী আদেশ দেন, তা তো দেখবেন।’
পথসভার আয়োজকদের সমালোচনা করে সেতুমন্ত্রী বলেন, ‘পথ বন্ধ করে এখানে (নাটোর-রাজশাহী সড়ক) পথসভা করা ঠিক হয়নি। আমি তো শুনেছিলাম এখানে জনসভা হবে। কিন্তু এসে দেখি পথ বন্ধ করে পথসভা হচ্ছে।’
নাটোর শহরের প্রধান সড়কে যানবাহন চলাচল বন্ধ করে ওই পথসভার আয়োজন করা হয়। সড়কের অর্ধেক অংশজুড়ে তৈরি করা হয় সভার মঞ্চ। সভার মঞ্চ এবং মহাসড়কগুলোর অর্ধশতাধিক তোরণ পাঁচ দিন ধরে নির্মাণ করা হয়েছে। সভাকে কেন্দ্র করে গতকাল সকাল থেকে মাদ্রাসা মোড় থেকে পশ্চিম বাইপাস পর্যন্ত সড়কে মোটরসাইকেল ছাড়া সব মোটরযান চলাচল বন্ধ করে দেয় পুলিশ। জেলার ট্রাফিক পরিদর্শক মাহমুদুন নবী বলেন, মন্ত্রীসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তার স্বার্থে এবং যানজটমুক্ত রাখতে পরিবহন চলাচলে কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে।