ভোরের আলো ফুটতেই হাজির প্রার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোরের আলো ফুটতেই হাটবাজারে, রাস্তার মোড়ে, মহল্লার ঘরে ঘরে উঁকি দিচ্ছেন প্রার্থীরা।
এত তাড়া কেন? অনেকগুলো কারণে। একটা বড় কারণ, অবশ্যই সবার আগে ভোট প্রার্থনা।
সবার আগে হাসিমুখটি ভোটারদের দেখিয়ে রাখতে চাইছেন প্রার্থীরা। তা ছাড়া ভোর ভোর হাজির হতে পারলে ভোটারদের সবার সঙ্গে দেখা হওয়া নিশ্চিত। আর ভোরবেলা কাজকর্ম শুরুর আগে মানুষের মনও বেশি প্রফুল্ল থাকে। ভোরের হাত ধরে জনমনের এই বাড়তি সুবিধাটুকু পেতে চাইছেন প্রার্থীরা।
বগুড়ার শিবগঞ্জ পৌরসভার বানাইল মহল্লায় গতকাল বুধবার তখনো রাতের আড় ভাঙেনি। নারীরা বাড়ির উঠান পরিষ্কার করতে ব্যস্ত। কেউবা সদ্য ঘুমভাঙা চোখে বাড়ির সামনে দাঁত মাজছেন। হঠাৎ উদয় হলেন আওয়ামী লীগের প্রার্থী তৌহিদুর রহমান। পরনে পাজামা-পাঞ্জাবি। মসজিদ থেকে ফজরের নামাজ পড়ে সোজা ভোটারের বাড়ি। ভোটারদের সঙ্গে কোলাকুলি করছেন। হাত মেলাচ্ছেন। আর অবশ্যই নিজের নৌকা প্রতীকে ভোট প্রার্থনা ও সঙ্গে দোয়া চাইছেন। তৌহিদুর রহমান বলেন, ‘প্রত্যেক ভোটারের সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করতে চাই। তাই সকালে বের হয়েছি।’
সাতসকালে প্রচারে বেরিয়ে পড়েছিলেন সংরক্ষিত নারী কাউন্সিলর পদপ্রার্থী মাজেদা বেগম। সঙ্গে চার-পাঁচজন কর্মী-সমর্থকও। বন্তেঘরী মহল্লার এক গেরস্তের বাড়িতে হঠাৎ ঢুকে পড়লেন। গৃহকর্ত্রী উঠে দাঁড়ানোর সময়টুকুও পাননি। মাজেদা বেগমই সোজা গিয়ে তাঁর পাশে বসে পড়লেন।
‘আপা, আমি আপনাদের মহল্লারই মানুষ। আমাকে একটা ভোট দেবেন; যাতে পৌরসভায় গিয়ে আপনাদের অভাব-অভিযোগের কথা বলতে পারি’ বলেন মাজেদা।
বানাইল মহল্লার ভোটার জাফর আলী বলেন, সকালবেলা একাধিক প্রার্থী এসে দোয়া চাইলেন। সব দেখে মনে হচ্ছে এবারের ভোটটা ভালোই জমবে।
৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় শিবগঞ্জ পৌরসভা নির্বাচনে এরই মধ্যে মনোনয়নপত্র জমা ও বাছাই কার্যক্রম শেষ হয়েছে। দলীয়ভাবে মেয়র পদে নির্বাচন হচ্ছে, তাই দল-সমর্থিত প্রার্থীদের প্রতীক নিয়ে চিন্তা নেই। বাকি রয়েছে স্বতন্ত্র প্রার্থী ও কাউন্সিলরদের মধ্যে প্রতীক বরাদ্দের কাজ। প্রতীক বরাদ্দ না হলেও মেয়র প্রার্থীর পাশাপাশি তাঁরাও মাঠে নেমে পড়েছেন। গণসংযোগ শুরু করেছেন। প্রার্থীদের তৎপরতায় জমতে শুরু করেছে নির্বাচন।
এবার শিবগঞ্জ পৌরসভায় মেয়র পদে বিএনপি থেকে তৌহিদুর রহমান, আওয়ামী লীগ থেকে মতিয়ার রহমান ও বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থী হিসেবে তাজুল ইসলাম নির্বাচন করছেন। এ ছাড়া কাউন্সিলর পদে ৩০ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে আটজন প্রতিদ্বন্দ্বিতা করছেন।