ভোলায় যুবদলের বিক্ষোভ ও সমাবেশ

বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা ও গ্রেপ্তারি পরোয়ানার প্রতিবাদে ভোলা জেলা যুবদল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে করেছে।
গতকাল শনিবার বেলা ১১টায় ভোলা শহরের মহাজনপট্টি যুবদল কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। পরে সদর রোডের বরিশাল দালান এলাকায় পুলিশি বাধার মুখে পিছিয়ে মিছিলটি কালিনাথ রায়ের বাজার ঘুরে পুনরায় যুবদল অফিসের সামনে এসে শেষ হয়। সেখানে এক সমাবেশে বক্তারা বলেন, বিএনপি ষড়যন্ত্রের শিকার। বর্তমান সরকার বিএনপির নেতা-কর্মীদের দমন করতে একের পর এক মিথ্যা মামলা দিচ্ছে। এরই ধারাবাহিকতায় বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
সমাবেশে জেলা যুবদলের আহ্বায়ক তরিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীর, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন লিটন, সদস্যসচিব কবির হোসেন প্রমুখ।