ভ্যানিটি ব্যাগ ও পুতুলের কদর
চাঁদপুরের মতলব পৌরসভা নির্বাচনে অধিকাংশ সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী নির্বাচনী প্রতীক হিসেবে ভ্যানিটি ব্যাগ ও পুতুল নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। নির্বাচন কার্যালয়ে মনোনয়নপত্রের সঙ্গে দাখিল করা হলফনামায় তাঁরা এ পছন্দের কথা উল্লেখ করেছেন।
নাম প্রকাশ না করার শর্তে ১ নম্বর ওয়ার্ডের একজন মহিলা কাউন্সিলর প্রার্থী বলেন, ‘মহিলা আসনের প্রার্থীদের প্রতীক নিয়ে বিতর্ক রয়েছে। যেহেতু এসব প্রতীকেই আমাদের নির্বাচন করতে হবে, তাই অভিজাত প্রতীক হিসেবে ভ্যানিটি ব্যাগ পছন্দ করেছি। ভ্যানিটি ব্যাগ নারীদের নিত্যদিনের সঙ্গী। এটি খুবই পরিচিত।’
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, পৌরসভায় সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের প্রার্থী দিনারা আক্তার, মরিয়ম ইসলাম ও ২ নম্বর ওয়ার্ডের পারভিন আক্তার প্রতীক হিসেবে ভ্যানিটি ব্যাগ পাওয়ার ইচ্ছা ব্যক্ত করেছেন। ১ নম্বর ওয়ার্ডের রেহেনা আক্তার, সালমা আক্তার ও রেহানা আক্তার পুতুল প্রতীক চেয়েছেন। ২ নম্বর ওয়ার্ডের হালিমা বেগম ও জোহরা খাতুন কাঁচি প্রতীক পছন্দ করেছেন। ৩ নম্বর ওয়ার্ডের
আমেনা বেগম মৌমাছি প্রতীক ও মাইরিন সুলতানা গ্যাসের চুলা চেয়েছেন।
১ নম্বর ওয়ার্ডের সালমা আক্তার বলেন, ‘পুতুল দেখতে সুন্দর। তাই এটি পাওয়ার জন্য হলফনামায় উল্লেখ করেছি।’
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও মতলব পৌরসভার সহকারী রিটার্নিং কর্মকর্তা আবদুল আজিজ বলেন, ১৪ ডিসেম্বর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে। একাধিক প্রার্থী একই প্রতীক দাবি করলে সে ক্ষেত্রে লটারির মাধ্যমে প্রতীক দেওয়া হবে।