ভয়, কোন্দলে মাঠে নেই নেতা-কর্মীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়িতে গত ৫ জানুয়ারির পর থেকে জেলা বিএনপির বড় কোনো কর্মসূচি নেই। নেতা-কর্মীরাও নেই মাঠে। বিএনপির নেতারা বলছেন, মাঠে না থাকার কারণ দুটি। প্রথমত, মামলায় গ্রেপ্তারের ভয়। দ্বিতীয়ত, অভ্যন্তরীণ কোন্দল।
জেলা বিএনপির সূত্র বলছে, জেলায় দলের বড় কর্মসূচি না থাকলেও দুই পক্ষের কোন্দল আছে। সহযোগী সংগঠনগুলোর কয়েকটির কমিটি মেয়াদোত্তীর্ণ। নেতা-কর্মীদের রাজপথে না থাকা এবং কোন্দলের প্রভাব গিয়ে পড়েছে বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ডে। ২০০৯ সালে জেলা বিএনপির সম্মেলন ও কমিটি গঠনের পর থেকে দুই অংশের কোন্দলের শুরু। এর মধ্যে বড় অংশটির নেতৃত্ব দিচ্ছেন দলের জেলা সভাপতি ও সাবেক সাংসদ ওয়াদুদ ভূঁইয়া। অপর অংশের নেতৃত্ব দিচ্ছেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, নবম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী ও দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সমীরণ দেওয়ান।
জেলা বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক ও ওয়াদুদ ভূঁইয়ার পক্ষের আবু তালেব বলেন, চলতি বছরের ৫ জানুয়ারির বিভিন্ন ঘটনায় এ পর্যন্ত বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে ১২টি মামলা হয়েছে। এসব মামলায় আসামি করা হয়েছে প্রায় এক হাজার নেতা-কর্মীকে। হয়রানি, হুমকি-ধমকি চলছে। এসব বিষয় এবং কিছু কৌশলগত কারণে জেলা বিএনপি আপাতত মাঠে নামছে না। তবে জেলা বিএনপি এখনো সাংগঠনিকভাবে বেশ শক্তিশালী।
বিএনপির কয়েকজন নেতা অভিযোগ করেন, ২০০৯ সালের ২৫ নভেম্বর খাগড়াছড়ি শহরের অদূরে আলুটিলা পর্যটন এলাকায় দলের জেলা সম্মেলনে একটি পক্ষকে যোগ দিতে দেওয়া হয়নি। পরীক্ষিত ও ত্যাগী নেতা-কর্মীরা জেলা কমিটিতে স্থান পাননি। কোন্দলের শুরু সেই থেকে। জেলার আট উপজেলার সবগুলোতেই রয়েছে কম-বেশি কোন্দল। দ্বিবার্ষিক সম্মেলনে জেলা বিএনপির ওই কমিটি কেন্দ্রের অনুমোদন পায় ২০১৩ সালের মার্চ মাসে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক হলেন মাটিরাঙা পৌরসভার মেয়র আবু ইউসুফ চৌধুরী। দলীয় সূত্র বলেছে, জেলা কমিটির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া থাকেন ঢাকায়। মাঝেমধ্যে আসেন। সাধারণ সম্পাদক থাকেন খাগড়াছড়ি শহর থেকে দূরে মাটিরাঙায়।
সমীরণ দেওয়ান পক্ষের অনুসারী জেলা যুবদলের জ্যেষ্ঠ সহসভাপতি শামসুল হক বলেন, জেলা বিএনপির কমিটিতে ত্যাগী নেতাদের স্থান হয়নি। অথচ তাঁরাই ছিলেন জেলায় বিএনপির দুঃসময়ের কান্ডারি। কমিটিতে স্থান না পাওয়ায় তাঁরা কোনো সাংগঠনিক কাজ করতে পারছেন না। তিনি জেলা বিএনপি এবং দলের সব অঙ্গ ও সহযোগী সংগঠনের কাউন্সিল করার দাবি জানান।
দলীয় সূত্র বলেছে, খাগড়াছড়ি জেলা যুবদলের সর্বশেষ কাউন্সিল হয়েছে ২০০৬ সালের ২৪ জুন। ওই সম্মেলনে গঠিত কমিটির অনেক নেতাই এখন নিষ্ক্রিয়, কেউ কেউ রাজনীতি থেকে দূরে সরে গেছেন। মহিলা দলের কাউন্সিলই হয়নি। জেলা বিএনপির প্রস্তাবের ভিত্তিতে কেন্দ্রীয় মহিলা দল ২০১১ সালের ১৩ ডিসেম্বর মহিলা দলের বর্তমান জেলা কমিটিকে অনুমোদন দেয়। জেলা মহিলা দলের সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়া কমিটির আর কাউকে রাজনৈতিক কর্মসূচিতে তেমন সক্রিয় হতে দেখা যায় না। জাতীয়তাবাদী ছাত্রদলের সর্বশেষ কাউন্সিল হয়েছে ২০১২ সালের নভেম্বরে। দুই বছরের জন্য এই কমিটি গঠন করা হয়েছিল।
জেলা বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক বলেন, সম্ভবত প্রতিকূল পরিস্থিতির কারণে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোর কাউন্সিল নির্দিষ্ট সময়ে করা সম্ভব হয়নি। এ ব্যাপারে কেন্দ্র থেকে যে নির্দেশনা আসবে তা অনুসরণ করা হবে।
জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি ও ওয়াদুদ পক্ষের প্রবীণ চন্দ্র চাকমা বলেন, মূলত পুলিশের ধরপাকড়, হয়রানির কারণে দলীয় নেতা-কর্মীরা আপাতত নিশ্চুপ অবস্থায় আছেন। তবে কর্মীদের মনোবল এখনো চাঙা আছে। আন্দোলনের ডাক এলে নেতা-কর্মীরা ঠিকই রাজপথে নামবেন। এত দমন-পীড়নের পরও নেতা-কর্মীরা এখনো দল ছেড়ে যাননি।