ভয় জয় করা যাচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাশকতার মামলায় জেলার শীর্ষ পাঁচ নেতা কারাগারে আছেন। দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম জামিন নিয়েছেন। তবে চিকিৎসার জন্য তাঁকে প্রায় ঢাকাতেই থাকতে হয়। বাকি নেতা-কর্মীরা গ্রেপ্তার-আতঙ্কে গা ঢাকা দিয়ে আছেন। ভয় জয় করে বেরিয়ে আসার পরিস্থিতি তৈরি করতে পারছে না বিএনপি।
দলের কর্মীরা জানান, তরিকুল ইসলাম দলের নীতিনির্ধারক ও প্রভাবশালী নেতাদের একজন। তিনি একই সঙ্গে কেন্দ্রীয়ভাবে খুলনা বিভাগে বিএনপির দায়িত্বপ্রাপ্ত নেতা। তাই খুলনা বিভাগে বিএনপির রাজনীতি চলে অনেকটা তাঁর নির্দেশনায়।
তরিকুল ইসলামের ঘনিষ্ঠ বন্ধু শহিদুল ইসলাম ওরফে নয়ন চৌধুরী দীর্ঘদিন দলের জেলা কমিটির সভাপতি ছিলেন। ২০১১ সালে তিনি মারা যান। সেই থেকে ভারপ্রাপ্ত সভাপতি দিয়ে দল চলছে।
দলীয় সূত্রে জানা গেছে, ২০১০ সালের মাঝামাঝি সময়ে দুই বছরের জন্য গঠিত ১৫১ সদস্যের কমিটিতে ১৪০ জনকে পদ দেওয়া হয়। এঁদের মধ্যে সভাপতিসহ তিনজন মারা গেছেন। চাকরি, ব্যবসা ও ব্যক্তিগত কারণ দেখিয়ে অন্তত ৪০ জন নিষ্ক্রিয় অবস্থায় রয়েছেন। জেলার শীর্ষস্থানীয় নেতাদের মধ্যে ৪৫ জনের বিরুদ্ধে নাশকতার মামলা দিয়েছে পুলিশ। ওই মামলায় সাধারণ সম্পাদক সৈয়দ সাবেরুল হকসহ প্রায় সবাই আসামি। যাঁদের নামে মামলা নেই, আটকের ভয়ে তাঁরাও গা ঢাকা দিয়েছেন। কে কোথায় আছেন তা দলের দু-একজন ছাড়া তেমন কেউ জানেন না।
নাম প্রকাশ না করার শর্তে বিএনপির একাধিক নেতা প্রথম আলোকে বলেন, ২০১৪ সালের ৫ জানুয়ারির ‘গণতন্ত্র রক্ষার আন্দোলন’ থেকে শুরু করে ২০১৫ সালের ‘সরকার পতন’ আন্দোলনে নেতাদের রাজপথে না পেয়ে তৃণমূলের কর্মীরা হতাশ হয়ে পড়েন। সে অবস্থার আর উত্তরণ হয়নি।
বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট অনির্দিষ্টকালের অবরোধ ডাকার পরদিন ৭ জানুয়ারি যশোরে একটি গাড়ি পোড়ানো হয়। ওই ঘটনায় তরিকুল ইসলামকে প্রধান আসামি করে বিএনপি ও জামায়াতের নেতাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়। ৮ জানুয়ারি থেকে যশোরে আর প্রকাশ্যে তরিকুল ইসলামকে দেখা যায়নি। তবে তিনি টেলিফোনে নেতা-কর্মী ও সাংবাদিকদের সঙ্গে কথা বলতেন।
এ বিষয়ে জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি সামছুল হুদা প্রথম আলোকে বলেন, ‘সবার নামে মামলা রয়েছে। আত্মগোপনে না গিয়ে তাঁর উপায়ও ছিল না।’
তরিকুল ইসলামের অনুপস্থিতিতে দলের নেতা-কর্মীদের মধ্যে হতাশা আছে কি না, জানতে চাইলে ভারপ্রাপ্ত সভাপতি বলেন, কর্মীদের মধ্যে হতাশা আছে। তবে সেটি তাঁর কারণে নয়। দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতির কারণে। অসুস্থ শরীরেও যতটুকু করার তিনি করেছেন।
গত ১৯ জানুয়ারি শহরের লালদীঘি পাড়ের দলীয় কার্যালয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মবার্ষিকীর অনুষ্ঠান থেকে ১১ নেতাকে পুলিশ আটক করে নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। সেই থেকে দলীয় কার্যালয় বন্ধ রয়েছে।
যশোর শহর বিএনপির সাধারণ সম্পাদক মুনির আহম্মদ সিদ্দিকী প্রথম আলোকে বলেন, পুলিশের ভয়ে কেউ দলীয় কার্যালয়ে আসতে সাহস করেন না।
আগামীকাল পড়ুন: চুয়াডাঙ্গা জেলার রাজনীতি