ভয় দেখিয়ে প্রার্থিতা প্রত্যাহারের অভিযোগ ফখরুলের
পৌরসভা নির্বাচনে বিএনপির বহু প্রার্থীকে অস্ত্রের ভয় দেখিয়ে প্রার্থিতা প্রত্যাহার করিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ অবস্থায় পৌরসভা নির্বাচন ‘তামাশার’ অবস্থায় পরিণত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
আজ শনিবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স (অ্যাব) আয়োজিত এক আলোচনা সভায় মির্জা ফখরুল এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘আজকেও ঝিনাইদহ এবং সাতক্ষীরায় বিএনপির নেতা-কর্মীদের গণহারে গ্রেপ্তার করা হয়েছে। এভাবে নির্বাচনের তফসিল ঘোষণার পর সারা দেশে কমপক্ষে হাজার খানেক এবং এর আগে পাঁচ-ছয় হাজার নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে নির্বাচন। এই নির্বাচন তো আমরা জানি, একটা তামাশার মতো অবস্থায় দাঁড়িয়েছে। কিন্তু তারপরও এই নির্বাচনে আমরা আছি। কারণ এর মধ্যে থেকেই আমাদের অবস্থানটাকে দৃঢ় করতে চাই। জনগণের কাছে যেতে চাই। ন্যূনতম যে সুবিধাটুকু আছে, সেটা নিতে চাই।’
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, পৌরসভায় প্রথমবারের মতো দলীয় প্রতীকে নির্বাচন হতে যাচ্ছে। তড়িঘড়ি করে দলীয় প্রতীকে নির্বাচন করার অর্থ কী ? তিনি বলেন, ‘দলীয় প্রতীকে নির্বাচন করেই প্রমাণ করা হবে যে বর্তমান শাসকগোষ্ঠী হচ্ছে জনগণের সবচেয়ে প্রিয় রাজনৈতিক দল। আমরা এ নীলনকশা বুঝি। আমরা জানি, এটাই হবে। আমরা জানি, এই নির্বাচন করার জন্য আপনি কোনো স্বাধীনতা পাবেন না। এখানে পদে পদে বাধা দেওয়া হবে, এমনকি হত্যা পর্যন্ত করা হতে পারে। তারপরও আমরা এই নির্বাচনে গেছি। কারণ, আমাদের সামনে যে বিকল্প পথ নেই।’
বিএনপিকে একটা উদারপন্থী গণতান্ত্রিক রাজনৈতিক দল উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘একমাত্র নির্বাচনের মাধ্যমেই পরিবর্তনে বিশ্বাস করি। আজকে স্থানীয় সরকারে যে পরিবর্তন হবে; আমরা মনে করি সেটা নির্বাচনের মধ্য দিয়ে হতে হবে। রাষ্ট্রীয় পরিচালনার দায়িত্বও নির্বাচনের মাধ্যমে হবে বলেও মনে করি। আমরা সেই জন্য এই নির্বাচনে অংশগ্রহণ করেছি। আমরা এই প্রক্রিয়ার সঙ্গে অবশ্যই থাকতে চাই। কারণ আজকে পরিবর্তিত বিশ্ব পরিস্থিতিতে এটাকেও একটা ছুতো করে আমাদের জঙ্গিবাদী, গণতন্ত্রবিরোধী শক্তি হিসেবে চিহ্নিত করবার জন্য সমস্ত আয়োজন সুসম্পন্ন হয়েছে।’ তিনি বলেন, ‘আমাদের সকলের মধ্যে পরিষ্কার ধারণা থাকা উচিত, নির্বাচনে অংশগ্রহণ ছাড়া আমাদের কোনো বিকল্প পথ নেই। অংশগ্রহণমূলক যেকোনো প্রক্রিয়াকে প্রতিষ্ঠিত করবার জন্য, গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্য আমাদের সেই পথকেই বেছে নিতে হবে।’
সরকার সংশ্লিষ্টদের উদ্দেশ করে ফখরুল বলেন, ‘দেয়ালের লিখনগুলো পড়ুন। মানুষের চোখের ভাষা, মনের ভাষা বুঝুন। তাদের গণতান্ত্রিক অধিকারগুলো ফিরিয়ে দিন। একটি সত্যিকার অর্থে অবাধ, সুষ্ঠু নির্বাচন করে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিন।’
অ্যাবের ভারপ্রাপ্ত সভাপতি প্রকৌশলী আ ন হ আখতার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মুস্তাহিদুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক নুরুল আমিন বেপারী প্রমুখ।