খুলনার চালনা পৌরসভার নির্বাচন ২৮ ডিসেম্বর। নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন পেয়েছেন বর্তমান মেয়র ও চালনা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সনত কুমার বিশ্বাস। প্রথম আলোকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে নির্বাচন ও পৌরসভা নিয়ে কথা বলেছেন তিনি।
প্রথম আলো: মেয়র পদে আগেও নির্বাচন করেছেন। জিতেছেন, আবার হেরেছেনও। এবারের অভিজ্ঞতা কেমন?
সনত কুমার বিশ্বাস: হ্যাঁ, হার-জিতের অভিজ্ঞতা আছে। তবে গত পাঁচ বছর পৌর এলাকার উন্নয়নের জন্য অনেক কাজ করেছি। কিন্তু বাস্তবতা হচ্ছে উন্নয়নকাজের প্রচারটা কম হয়েছে। তার ওপর আমাদের বিপক্ষে যাঁরা আছেন, উন্নয়ন তাঁদের চোখে পড়ে না।
এবার প্রথমবারের মতো চালনা পৌরসভায় ইভিএমে ভোট হবে। ইভিএম নিয়ে কী ভাবছেন?
সনত কুমার বিশ্বাস: ইভিএম বিষয়ে ভোটারদের খুব ভালো ধারণা নেই। প্রজেক্টরের মাধ্যমে নির্বাচন অফিসের লোকেরা যদি বিষয়টা ভালোভাবে দেখাতেন, তবে ভোটারদের উপকার হতো। প্রজেক্টরের মাধ্যমে বারবার এটা দেখানো দরকার। তবে আমাদের কর্মীরা ভোটের প্রচারণার সময় ইভিএম বিষয়েও প্রচারণা চালাচ্ছে।
ভোটারদের অনেকে বলছেন প্রতিদ্বন্দ্বিতা হবে ত্রিমুখী, আপনার মত কী?
সনত কুমার বিশ্বাস: সব নির্বাচনে, বিশেষ করে স্থানীয় সরকার নির্বাচনে এই এলাকায় ভোটারদের উপস্থিতি ভালোই থাকে। আর কাউন্সিলর প্রার্থীরাই নিজেদের ভোটারদের কেন্দ্রে নিয়ে আসবেন। সব মিলিয়ে ভোটার কিন্তু কেন্দ্রে আসবে।
ভোটারদের অনেকে বলছেন প্রতিদ্বন্দ্বিতা হবে ত্রিমুখী, আপনার মত কী?
সনত কুমার বিশ্বাস: আমার মনে হয় প্রতিদ্বন্দ্বিতা দ্বিমুখী হবে। নৌকার সঙ্গে ধানের শীষের লড়াই হবে। সবাই উন্নয়ন চায়। উন্নয়ন করতে হলে কোনো দলের সঙ্গে থাকতে হবে। স্বতন্ত্র প্রার্থী যেহেতু কোনো দলের না, তাই তাঁদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হবে না বলে মনে করছি।
এবার কেমন নির্বাচন আশা করছেন? জয়লাভের প্রত্যাশা কতটুকু?
সনত কুমার বিশ্বাস: নির্বাচন ভালো হবে। মানে ভোট অবাধ নিরপেক্ষ হবে, কেন্দ্রে আসতে মানুষজনের স্বতঃস্ফূর্ততা থাকবে। এই অঞ্চলে কোনো দিন ভোট নিয়ে অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আর জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী।
আপনার প্রতিদ্বন্দ্বী বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকদের আপনার লোকজন ভয়ভীতি দেখাচ্ছেন, কাজে বাধা দিচ্ছেন—এমন অভিযোগ আছে, আপনার বক্তব্য?
সনত কুমার বিশ্বাস: এসব কথার কথা, গতানুগতিক কথা। স্থানীয় থেকে জাতীয় নির্বাচন—সব দিন এ রকম কথা হয়। মূলত মাঠ গরম করার জন্য এসব কথা হয়। আর নির্বাচন এলেই এবারের স্বতন্ত্র প্রার্থী অচিন্ত্য কুমার মণ্ডল নির্বাচন করতে বিশেষ আগ্রহ দেখান, তা সে যে নির্বাচনই হোক। ভোট নেওয়ার জন্য বিভিন্ন সস্তা কথা তিনি বলে বেড়ান। এবার যেমন বলে বেড়াচ্ছেন, সব ট্যাক্স মাফ করে দেবেন। তা ওনার কি সেই অ্যাবিলিটি আছে?
নির্বাচনকে সামনে রেখে ভোটারদের কী ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন?
সনত কুমার বিশ্বাস: এবার আমার আলাদা কোনো প্রতিশ্রুতি নেই। প্রতিশ্রুতি দিয়ে আমি নির্বাচন করি না। চালনার উন্নয়নে আমি যেসব প্রজেক্ট সাবমিট করেছিলাম, আমার নেতাদের কল্যাণে ও প্রধানমন্ত্রীর দোয়ায় আমি সেসব প্রকল্প আনতে সক্ষম হয়েছি। অনেক কাজ দৃশ্যমান হয়েছে, অনেক কাজ পাইপলাইনে আছে। এসব প্রকল্পের কাজ পুরোপুরি বাস্তবায়িত হলে পৌরসভার কাঙ্ক্ষিত উন্নয়ন ঘটবে। ভোটারদের এসব কথাই বলছি।
চালনা পৌরবাসীর অন্যতম দাবি শহর রক্ষা বাঁধ, যা করার জন্য আপনি আগের নির্বাচনে ভোটারদের প্রতিশ্রুতি দিয়েছিলেন, শহর রক্ষা বাঁধ নিয়ে ভাবনা কী?
সনত কুমার বিশ্বাস: শহর রক্ষা বাঁধ খুব দরকার। পৌরসভার শহর রক্ষা বাঁধের জন্য ১৫৭ কোটি টাকার প্রকল্প একনেকে অনুমোদনের অপেক্ষায় আছে।
বর্জ্য ব্যবস্থাপনায় দুর্বলতা, জলাবদ্ধতাসহ চালনা পৌর এলাকা নানা সমস্যায় জর্জরিত। এবার বিশেষ কোনো পরিকল্পনা আছে কি?
সনত কুমার বিশ্বাস: সুপেয় পানির ব্যবস্থার জন্য ২৩ কোটি টাকার পানীয় প্ল্যান্ট প্রকল্পের কাজ চলমান রয়েছে। বর্জ্য ব্যবস্থাপনার জন্য একটা জায়গা কেনার জন্য মন্ত্রণালয় থেকে নির্দেশনা পেয়েছি। জলাবদ্ধতা নিরসনের জন্য একটা প্রকল্প নেওয়া হয়েছে। দরপত্রের অপেক্ষায় আছে।
প্রশ্ন :
প্রথম আলো: সাক্ষাৎকারের জন্য সময় দেওয়ায় ধন্যবাদ।
সনত কুমার বিশ্বাস: প্রথম আলোকেও ধন্যবাদ।