ভোটকেন্দ্রের বাইরে ঝুলছে আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থীদের পোস্টার। কেন্দ্রের ভেতরে নৌকা প্রতীকের ব্যাজ পরে অবস্থান করছেন কর্মী-সমর্থকেরা। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামের মিরসরাই উপজেলার নয়টি ইউনিয়নের আটটি কেন্দ্র ঘুরে এ চিত্র দেখা গেছে। বিএনপির নেতারা জানান, চেয়ারম্যান পদে দলের নয়জন প্রার্থীর মধ্যে সাতজনই ভয়ে ভোটকেন্দ্রে যাননি। ফলে নিজের ভোটও দিতে পারেননি তাঁরা।
উপজেলার ৮১টি কেন্দ্রের মধ্যে শুধু একটি কেন্দ্রে দুটি ব্যালট বাক্স ছিনতাই হয়েছে। পরে ব্যালট বাক্স দুটি উদ্ধার করা হয়। আরেকটি কেন্দ্রের বাইরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
গতকাল বেলা সাড়ে ১১টায় ৯ নম্বর মিরসরাই ইউনিয়নের পূর্ব কিছমত জাফরাবাদ ফোরকানিয়া মক্তব কেন্দ্রে গিয়ে দেখা যায়, ভোটকেন্দ্রে ভোটার নেই বললেই চলে। ছিলেন না বিএনপির প্রার্থীর কোনো এজেন্ট। কেন্দ্রের আশপাশে নৌকা প্রতীকের প্রার্থীর কর্মী-সমর্থকদের জটলা দেখা গেছে। প্রিসাইডিং অফিসার আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, এখন ফাঁকা থাকলেও সকালে ভোটারদের ভিড় ছিল। বিএনপির প্রার্থীর এজেন্টরা আসেননি।
মুঠোফোনে যোগাযোগ করা হলে বিএনপির প্রার্থী মফিজ উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘বাড়ির সামনে প্রতিপক্ষের লোকজন পাহারা বসিয়েছে। বাড়ি থেকেই বের হতে পারিনি, ভোট দিব কীভাবে?’
দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ৩ নম্বর জোরারগঞ্জ ইউনিয়নের মস্তাননগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভেতরে-বাইরে নৌকার ব্যাজ পরে কর্মী-সমর্থকদের জটলা চোখে পড়েছে। প্রিসাইডিং অফিসার আজিম উদ্দিন ভূঁইয়া প্রথম আলোকে বলেন, সাতটি বুথের মধ্যে দুটিতে বিএনপি-সমর্থিত প্রার্থীর দুজন এজেন্ট এসেছেন। তবে বুথে গিয়ে দেখা মেলেনি বিএনপির প্রার্থীর এজেন্টদের।
এই ইউনয়নে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থী জমির উদ্দিন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, নিজের ভোট দিতে পারলেও প্রতিপক্ষের ভয়ে কর্মী-সমর্থকেরা কেন্দ্রে যেতে পারেননি।
তবে আওয়ামী লীগের প্রার্থী মকসুদ আহমেদ চৌধুরী বলেন, বিএনপির কর্মী-সমর্থকেরাই কেন্দ্রে আসেননি। কাউকে বাধা দেওয়া হয়নি।
উপজেলার ৮ নম্বর দুর্গাপুর ইউনিয়নের রঘুনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বেলা একটায় আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর কর্মী-সমর্থকদের ভিড় দেখা যায়। প্রিসাইডিং অফিসার আশীষ কুমার দেববর্মণ বলেন, বিএনপি-সমর্থিত প্রার্থীর একজন এজেন্টও আসেননি।
মুঠোফোনে যোগাযোগ করা হলে বিএনপির প্রার্থী ছলিম নিজামী প্রথম আলোকে বলেন, ‘ভোটকেন্দ্র তো দূরের কথা, ভোটকেন্দ্রের আশপাশেই যেতে পারেনি আমার কর্মী-সমর্থকেরা। আমার নিজের ভোটটিও দিতে পারিনি।’
তবে আওয়ামী লীগের প্রার্থী এস এম আবু সুফিয়ান বলেন, ‘নৌকার জোয়ারে হতাশ বিএনপির কর্মী-সমর্থকেরা। তারা ভোট দিতে না আসলে ঘর থেকে ডেকে এনে তো বসানো যাবে না।’
বেলা তিনটার দিকে ৬ নম্বর ইছাখালী ইউনিয়নের সাখারিয়া প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুটি ব্যালট বাক্স ছিনতাই করে দুষ্কৃতকারীরা। দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনাও ঘটে। প্রিসাইডিং অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ইউপি সদস্যপদে দুই প্রার্থীর মধ্যে রেষারেষির জের ধরে এ ঘটনা ঘটে। তবে একটি ব্যালট বাক্স ছিনিয়ে নেওয়ার সময় তাৎক্ষণিকভাবে উদ্ধার করা হয়। আরেকটি ছিনিয়ে নেওয়ার কিছুক্ষণের মধ্যেই উদ্ধার করা হয়। এই ইউনিয়নেও বিএনপির প্রার্থী নুরুল আবছার প্রতিপক্ষের বাধায় নিজের ভোটটি দিতে পারেননি বলে প্রথম আলোকে জানান।
চেয়ারম্যান পদে বিএনপির নয়জন প্রার্থীর মধ্যে আটজনের সঙ্গে কথা বলেছে প্রথম আলো। এঁদের মধ্যে ছয়জন ভোট দিতে পারেননি বলে প্রথম আলোকে নিশ্চিত করেন। উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহিদুল ইসলাম চৌধুরী প্রথম আলোকে জানান, চেয়ারম্যান পদে দুজন ছাড়া সাতজন প্রার্থীই প্রতিপক্ষের বাধার কারণে ভোট দিতে পারেননি।
উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আমিন প্রথম আলোকে বলেন, ভোটের আগের দিন বুধবার সন্ধ্যার পর বিএনপির কোনো নেতা-কর্মীকে বাড়িঘরে থাকতে দেননি আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর কর্মীরা। এই নির্বাচন বাতিল করে পুনর্নির্বাচন দেওয়ার দাবি জানান তিনি।
তবে হুমকি, বাধা দেওয়ার অভিযোগ অস্বীকার করে উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. জসীম উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘ভোটের আগেও বিএনপি-সমর্থিত প্রার্থীদের প্রচারণা ছিল না। তাঁরা ভোটকেন্দ্রে না আসলে আমরা কী করতে পারি?’
নির্বাচনে সার্বিক সমন্বয়ের দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়া আহমেদ সুমন প্রথম আলোকে বলেন, ৮১টি কেন্দ্রের মধ্যে ২-৩টিতে সামান্য উত্তেজনা ছিল। অন্য সব কেন্দ্রে শান্তিপূর্ণ ভোট হয়েছে। ছিনতাই হওয়া ব্যালট বাক্স উদ্ধার হওয়ায় ভোট স্থগিত হয়নি।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও তিনটি ইউনিয়নের রিটার্নিং অফিসার তোফায়েল হোসেন প্রথম আলোকে বলেন, দু-একটি কেন্দ্র থেকে অভিযোগ পাওয়ার পর তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পদক্ষেপ নিয়েছে। বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ ভোট হয়েছে।
সব কটিতে বিজয়ী আওয়ামী লীগ: মিরসরাইয়ের নয়টি ইউনিয়নেই চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থীরা জয়ী হয়েছেন। তাঁরা হলেন ২ নম্বর হিঙ্গুলী ইউনিয়নে নাছির উদ্দিন, ৩ নম্বর জোরারগঞ্জে মকছুদ আহমেদ চৌধুরী, ৪ নম্বর ধুম ইউনিয়নে আবুল খায়ের মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, ৫ নম্বর ওসামনপুরে মফিজুল হক, ৬ নম্বর ইছাখালীতে নুরুল মোস্তফা, ৭ নম্বর কাটাছড়ায় রেজাউল করিম চৌধুরী, ৮ নম্বর দুর্গাপুরে এস এম আবু সুফিয়ান, ৯ নম্বর মিরসরাইয়ে এমরান হোসেন ও ১৬ নম্বর সাহেরখালী ইউনিয়নে কামরুল হায়দার চৌধুরী।