ভয়ে সাজাপ্রাপ্ত মন্ত্রীদের বাদ দিচ্ছে না সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিক্রিয়া সামাল দিতে না পারার ভয়ে সরকার আদালত অবমাননার দায়ে সাজাপ্রাপ্ত দুই মন্ত্রীকে বাদ দিতে পারছে না বলে মন্তব্য করেছেন বিএনপির নেতা খন্দকার মোশাররফ হোসেন। গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য আরও বলেন, দুই মন্ত্রী শপথ ভঙ্গ করেছেন। সুপ্রিম কোর্ট তাঁদের সাজা দিয়েছেন। তারপরও সরকার তাঁদের বাদ দিচ্ছে না। বাদ দিলে প্রতিক্রিয়া কী হয়, তা সামাল দিতে পারবে না—এই ভয়ে তাঁদের বাদ দিচ্ছে না।

গত বৃহস্পতিবার আদালত অবমাননার দায়ে দুই মন্ত্রী কামরুল ইসলাম ও আ ক ম মোজাম্মেল হকের বিরুদ্ধে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। রায়ে বলা হয়, ওই দুই মন্ত্রীর সংবিধান রক্ষার শপথ ভঙ্গ হয়েছে।

বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নবম কারামুক্তি দিবস উপলক্ষে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল এই আলোচনার আয়োজন করে।