ভয়েরও সাধ্য নেই আ.লীগকে ভয় দেখানোর: মতিয়া
‘ভয়েরও সাধ্য নাই আওয়ামী লীগকে ভয় দেখানোর’ বলে মন্তব্য করেছেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। তিনি বলেছেন, ‘আওয়ামী লীগকে ভয় দেখিয়ে লাভ নেই। ভয়েরও সাধ্য নাই আওয়ামী লীগকে ভয় দেখানোর। কষ্টের আবার কিসের কষ্ট।’
আজ সোমবার বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের এক বর্ধিত সভায় বিএনপির উদ্দেশে এ মন্তব্য করেন মতিয়া চৌধুরী।
বিএনপিকে উদ্দেশ করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এ সদস্য বলেন, ‘গণতান্ত্রিক আন্দোলন করলে কোনো বাধা দেওয়া হবে না। আর আন্দোলনের নামে নৈরাজ্য হলে, জনগণের নিরাপত্তার জন্য যাহা যাহা করা দরকার, তাহা তাহা করা হবে। এর কোনো ব্যত্যয় হবে না।’
মতিয়া বলেন, ‘আপনারা (বিএনপির নেতা-কর্মীরা) অতীতেও চোরাগোপ্তা হামলা চালিয়ে বিভিন্ন হত্যাকাণ্ড ঘটিয়েছেন। যদি আপনাদের সাহস থাকত সামনে এসে এই হত্যাকাণ্ড ঘটাতেন। তখন দেখতাম আপনাদের বুকের পাটা! মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার নামে ফজরের আজানের পর থেকেই নাশকতার মাধ্যমে ঢাকাকে রণক্ষেত্রে পরিণত করেছেন। সাপকে বিশ্বাস করা যায় কিন্তু বিএনপিকে বিশ্বাস করা যায় না।’ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ১৫ আগস্টের জন্মদিন পালন করায় তাঁর তীব্র সমালোচনা করেন মতিয়া চৌধুরী।
বাংলাদেশে নবনিযুক্ত (এখনো দায়িত্ব নেননি) মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া স্টিফেন্স ব্লুম বার্নিকাটকে উদ্দেশ করে মতিয়া চৌধুরী বলেন, ‘আইলেন না, খাইলেন না, ছুঁইলেন না অথচ ৫ জানুয়ারির নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন। আপনারা দেখেননি ১৯৭৯, ৮১ ও ৮৬ সালের নির্বাচনে কী হয়েছিল? শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে তখনই আপনাদের গায়ে জ্বালা ধরেছে। ’৭৪ সালেও দুর্ভিক্ষ তৈরি করে পাকিস্তানকে খুশি করতে চেয়েছিলেন। এখনো পরাজিত শক্তিকে খুশি করার চেষ্টা করে যাচ্ছেন।’
ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে বর্ধিত সভায় আরও বক্তব্য দেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী, সহসভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, মুকুল চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক হাজি মোহাম্মদ সেলিম প্রমুখ।