মংলা-ঘষিয়াখালী চ্যানেল জুন থেকে পুরোপুরি চালু: নৌমন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মংলা-ঘষিয়াখালী চ্যানেল জুন মাস থেকে পুরোপুরি খুলে দেওয়া হবে। এতে সুন্দরবনের শ্যালা নদী দিয়ে নৌচলাচল বন্ধ করা যাবে বলে আশা করেছেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান। আজ মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে নৌমন্ত্রী এসব কথা বলেন।
নৌমন্ত্রী বলেন, মংলা-ঘষিয়াখালী চ্যানেলটি গত ৬ মে পরীক্ষামূলকভাবে খুলে দেওয়া হয়েছে। গতকাল ১১ মে পর্যন্ত এ চ্যানেলটি দিয়ে ২৬১টি নৌযান চলাচল করেছে।
মন্ত্রী জানান, যেসব জাহাজ চলতে আট ফুট বা তার কম গভীরতার প্রয়োজন হয়, এখন সেগুলো চলাচল করছে। খননের পর ওই চ্যানেলের গভীরতা বাড়লে বড় জাহাজগুলোও চলাচল করতে পারবে।
মন্ত্রী বলেন, এ চ্যানেলটি ২০১১ সাল থেকে বন্ধ ছিল। এটি চালু করতে গত বছরের পয়লা জুলাই থেকে খনন কার্যক্রম শুরু হয়। চ্যানেলের মোট ২২ কিলোমিটার পথ খনন করা হবে। ইতিমধ্যে ১৩ কিলোমিটার পথের খনন সম্পন্ন হয়েছে।