মংলায় নয় বছর পর আ.লীগের কাউন্সিল
দীর্ঘ ৩৮ বছর ধরে বাগেরহাটের মংলা উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন ইদ্রিস আলী ইজারদার। সাধারণ সম্পাদক নিখিল চন্দ্র রায় দায়িত্ব পালন করছেন নয় বছর ধরে। একই অবস্থা পৌর আওয়ামী লীগেরও। এ অবস্থার মধ্যেই কাল শনিবার মংলায় আওয়ামী লীগের কাউন্সিল হতে যাচ্ছে।
মংলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, ২০০৫ সালে সর্বশেষ আওয়ামী লীগের ৬৬ সদস্যবিশিষ্ট উপজেলা এবং ৬৫ সদস্যবিশিষ্ট পৌর কমিটি গঠন করা হয়েছিল। এরপর আর নতুন কমিটি গঠন করা হয়নি। দীর্ঘ নয় বছর পর শনিবার কাউন্সিলের মাধ্যমে নতুন কমিটি করা হবে। এবার উপজেলা পর্যায়ের কাউন্সিলর ১৪১ জন এবং পৌর পর্যায়ের কাউন্সিলর ২০৪ জন।
উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, মংলা উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিকভাবে দুর্বল হয়ে আছে। সভাপতি পদে তিন যুগ ধরে কোনো পরিবর্তন আসেনি। সাধারণ সম্পাদকসহ অন্যান্য পদেও নতুন নেতৃত্বকে সুযোগ দেওয়া হচ্ছে না। অথচ নেতা-কর্মীরা নেতৃত্বে পরিবর্তন চান।
মংলা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও থানা আওয়ামী লীগের সহসভাপতি আবু তাহের হাওলাদার বলেন, অনেক বছর পর কাউন্সিল হচ্ছে। আবারও একই নেতা পদপ্রাপ্ত হলে সংগঠনে যাঁরা দীর্ঘদিন ধরে সময় ও শ্রম দিচ্ছেন, তাঁরা হতাশ হবেন। দলের স্বার্থেই নতুন নেতৃত্বের হাতে দায়িত্ব তুলে দেওয়া উচিত।
মংলা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুর রহমান বলেন, ‘আমাদের মধ্যে অনেক বয়স্ক নেতা রয়েছেন, যাঁরা এখন আগের মতো আর সময় ও শ্রম দিতে পারেন না। এখন যাঁরা দলে নিয়মিত, তাঁদের সেসব জায়গায় যোগ্যতা অনুযায়ী জায়গা দেওয়া উচিত।’ মিঠাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আমিরুল ইসলাম বলেন, সংগঠনকে আরও কার্যকরী ও গতিশীল করতে নতুন নেতৃত্ব জরুরি।
সোনাইলতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরদার হুমায়ুন কবির বলেন, ‘বয়স্কদের নেতৃত্বের কারণে সংগঠন ভারবাহী সংগঠনে পরিণত হয়েছে। নতুনদের তৈরি করা এবং তাঁদের জন্য নেতৃত্ব ছেড়ে দেওয়ার প্রয়াস আমরা জ্যেষ্ঠ নেতাদের মধ্যে খুব একটা লক্ষ করি না। এই মানসিকতার পরিবর্তন জরুরি।’ চাঁদপাই গ্রামের আওয়ামী লীগ কর্মী আদম হাওলাদার বলেন, তৃণমূল পর্যায়ের সঠিক নেতৃত্বই দলকে সামনের দিকে নিয়ে যেতে পারে।
ইদ্রিস আলী ইজারদার বলেন, ‘মংলা থানা প্রতিষ্ঠার পর ১৯৭৮ সাল থেকে আমি সভাপতির দায়িত্ব পালন করছি। সময় ও শ্রম দিয়ে আমি সংগঠনকে বর্তমান পর্যায়ে উন্নীত করেছি। আওয়ামী লীগের কর্মী-সংগঠক অনেক বৃদ্ধি পেয়েছে। কিন্তু ব্যক্তিগত সমস্যার কারণে আমি আর নেতৃত্বে থাকতে চাই না। আমি চাই, যোগ্যতাসম্পন্ন নেতৃত্ব উঠে আসুক।’