মংলায় বিএনপির দুই শতাধিক নেতা-কর্মীর আ.লীগে যোগদান
বাগেরহাটের মংলা উপজেলায় জেলা বিএনপির সহসভাপতির নেতৃত্বে মিঠাখালী ইউনিয়নের দুই শতাধিক নেতা-কর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন।
গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার মিঠাখালী ফুটবল মাঠে আয়োজিত আওয়ামী লীগের ইউনিয়ন পর্যায়ের এক জনসভায় তাঁরা যোগদান করেন।
উপজেলার বিভিন্ন ইউনিয়নে গত তিন দিন আওয়ামী লীগ জনসভা আয়োজন করে আসছিল। এরই ধারাবাহিকতায় গতকাল বিকেলে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজাহার গাজীর সভাপতিত্বে মিঠাখালী ফুটবল মাঠে জনসভা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ তালুকদার আবদুল খালেক।
বিকেলে ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সহসভাপতি মাহামুদ হাসানের নেতৃত্বে দুই শতাধিক নেতা-কর্মী আওয়ামী লীগে যোগদান করেন।
এ সময় তাঁর সঙ্গে আন্ধারিয়া গ্রামের মুক্তিযোদ্ধা ওদুত শেখ ও ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য নরেন্দ্রনাথ মজুমদার যোগ দেন।
বিশেষ অতিথি হিসেবে এতে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপসম্পাদক ও মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য শরিফুন হাসান, মংলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বিশ্বাস ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহীম হোসেন।