আট বছর পর গতকাল শনিবার গাইবান্ধা জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিলে মোট ১৭১টি পদের মধ্যে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক—এ তিনটি পদে প্রত্যক্ষ নির্বাচন হয়। এতে সভাপতি পদে মইনুল হাসান ও সাধারণ সম্পাদক পদে মাহমুদুন নবী নির্বাচিত হয়েছেন।
সভাপতি পদে মইনুল হাসান পেয়েছেন ৬০৩ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আনিসুজ্জামান খান পেয়েছেন ৪৮০ ভোট। সাধারণ সম্পাদক পদে মাহমুদুন নবী ৬১৪ ভোট পেয়ে নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী মিজানুর রহমান পেয়েছেন ৩৮৩ ভোট। এ ছাড়া সাংগঠনিক সম্পাদক পদে তিনজন নির্বাচিত হয়েছেন। তাঁরা হলেন মোশারফ হোসেন, মনজিল মোর্শেদ ও আনিসুর রহমান।
গতকাল সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত গাইবান্ধা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে ভোট নেওয়া হয়। সভাপতি পদে বর্তমান জেলা বিএনপির সভাপতি আনিসুজ্জামান খান ও মইনুল হাসান, সাধারণ সম্পাদক পদে মাহমুদুন নবী, মিজানুর রহমান, কামরুল হাসান ও জি এম মোসাদ্দেক এবং সাংগঠনিক সম্পাদক পদে মনজিল মোর্শেদ, আতিক হাসান, মোশারফ হোসেন, হুনান হক্কানী, আনিসুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচন পরিচালনা বোর্ডের প্রধান নির্বাচন কমিশনার আবদুল মান্নান মণ্ডল রাত পৌনে আটটায় মুঠোফোনে নির্বাচনের ফলাফল নিশ্চিত করেন।
সভাপতি মইনুল হাসান বলেন, অবরুদ্ধ গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠায় দলের নেতা–কর্মীদের নিয়ে আন্দোলন গড়ে তোলা হবে।
সর্বশেষ ২০০৯ সালে জেলা বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হয়। মোট ভোটার ১ হাজার ১৪৮ জন। এর মধ্যে ভোট পড়ে ১ হাজার ৯৮টি।