মওদুদের বক্তব্য ইস্যু সৃষ্টি করার জন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজনীতিতে ইস্যু সৃষ্টি করার জন্য ওবায়দুল কাদেরকে জড়িয়ে বিএনপির নেতা মওদুদ আহমদ মিথ্যা বক্তব্য দিয়েছেন বলে অভিযোগ তুলেছে নোয়াখালীর কবিরহাট উপজেলা আওয়ামী লীগ। গতকাল শনিবার বিকেলে কবিরহাট পৌর মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন নেতারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহিরুল হক। কবিরহাট পৌরসভার মেয়রও তিনি। লিখিত বক্তব্যে বলা হয়, গত শুক্রবার মওদুদ আহমদ কোম্পানীগঞ্জের নিজ বাসভবনে বিএনপির এক অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে জড়িয়ে মিথ্যা অভিযোগ করেন। এতে বলা হয়, উপজেলা বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে সংঘর্ষের আশঙ্কায় প্রশাসন শুক্রবার সকালে বসুরহাট পৌরসভা মিলনায়তনে বিএনপিকে সমাবেশ করার অনুমতি দেয়নি। আওয়ামী লীগ মওদুদ আহমদের সভা-সমাবেশ অনুষ্ঠানে কখনো বাধা দেয়নি।

কোম্পানীগঞ্জ ও কবিরহাট এই দুই উপজেলা মিলে মওদুদ আহমদের নির্বাচনী এলাকা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নির্বাচনী এলাকাও এটি।

জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ মুঠোফোনে বলেন, সভা করার জন্য পুলিশের কাছে অনুমতি চাইলে তারা জেলা প্রশাসনের কথা বলে। তিনি বলেন, বিভিন্ন স্থানে বিএনপির কর্মসূচিতে হামলা চালিয়েছে আওয়ামী লীগ। নোয়াখালীতে এ ধরনের ঘটনা ঘটেছে।

এদিকে ওবায়দুল কাদেরকে জড়িয়ে মিথ্যা অভিযোগ করার প্রতিবাদে গতকাল দুপুরে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে সংবাদ সম্মেলন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াত।