শপথ নিলেন মকবুল আহমাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মকবুল আহমাদ
মকবুল আহমাদ

নির্বাচিত হওয়ার প্রায় এক মাস পর জামায়াতে ইসলামীর নতুন আমির হিসেবে শপথ নিয়েছেন মকবুল আহমাদ। আজ সোমবার বিকেলে দলের প্রধান নির্বাচন কমিশনার এ টি এম মাসুম তাঁকে শপথ পাঠ করান।
জামায়াতের দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, বিকেলে রাজধানীর একটি মিলনায়তনে দলের প্রধান নির্বাচন কমিশনার এ টি এম মাসুম মকবুল আহমাদকে শপথ পাঠ করান। আমিরের শপথ গ্রহণের খবর শিগগিরই সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নেতা-কর্মীদের জানানো হবে বলে জানিয়েছে ওই সূত্র।
২০১০ সালের জুনে দলের আমির মতিউর রহমান নিজামী গ্রেপ্তার হওয়ার পর থেকে মকবুল আহমাদ ভারপ্রাপ্ত আমিরের দায়িত্ব পালন করছিলেন। তিনি জামায়াতে নির্বাচিত তৃতীয় আমির হলেন। আগে দুই আমির ছিলেন গোলাম আযম ও মতিউর রহমান নিজামী। একাত্তরে মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত গোলাম আযম চিকিৎসাধীন অবস্থায় কারাগারে মারা যান। একাত্তরে মানবতাবিরোধী অপরাধে মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকর হয়েছে।