মঞ্চ দখল নিয়ে বিএনপির দুই পক্ষের হাতাহাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর শিবপুরে খালেদা জিয়াকে অভ্যর্থনা জানানোর মঞ্চ দখল নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়েছে। গতকাল বুধবার দুপুরে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের ইটাখোলা বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
বিএনপির কেন্দ্রীয় গণশিক্ষাবিষয়ক সম্পাদক ও খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেনের পক্ষের লোকজনের মধ্যে এ হাতাহাতি হয়। এতে সানাউল্লাহ মিয়ার সমর্থক উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক শওকত হোসেনসহ পাঁচজন আহত হন।
প্রত্যক্ষদর্শীরা বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া কিশোরগঞ্জে সমাবেশে যাওয়ার পথে সানাউল্লাহ মিয়ার অর্থায়নে ইটাখোলা বাসস্ট্যান্ড চত্বরে অভ্যর্থনা মঞ্চ করে স্থানীয় বিএনপি। ওই মঞ্চে স্থানীয় কোনো নেতার ছবিসংবলিত ব্যানার না লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু সভা শুরু হলে তোফাজ্জল হোসেনের ছবিসংবলিত একটি ব্যানার জোরপূর্বক টানান তাঁর লোকজন। এতে সানাউল্লাহ মিয়া বাধা দিলে তাঁর ওপর চড়াও হন তোফাজ্জলের সমর্থকেরা। ওই সময় সানাউল্লাহ মিয়ার লোকজন এগিয়ে এলে তাঁদের ওপরও হামলা চালান তাঁরা।
এ সময় মঞ্চে উপস্থিত জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি সুলতান উদ্দিন নেতাদের শান্ত করার ব্যর্থ চেষ্টা করেন। পরে পুলিশের হস্তক্ষেপে পরিবেশ শান্ত হলে আবার সভা শুরু হয়। সভা চলাকালে সানাউল্লাহ মিয়াকে হঠাৎ তোফাজ্জলের লোকজন লাঞ্ছিত করে মঞ্চ থেকে নামিয়ে দেওয়ার চেষ্টা করেন। এ উত্তেজনাকর পরিস্থিতি চলাকালে খালেদা জিয়া অভ্যর্থনা-মঞ্চ অতিক্রম করেন।
নাম প্রকাশ না করার শর্তে উপজেলা বিএনপির এক নেতা বলেন, তোফাজ্জল হোসেন সিদ্ধান্ত নিয়েছিলেন মঞ্চে স্থানীয় কোনো নেতার ছবিসংবলিত ব্যানার লাগানো হবে না। কিন্তু তিনিই তা ভঙ্গ করলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা তাঁতী দলের সভাপতি কাজি সাহেদ প্রথম আলোকে বলেন, একজন আরেকজনকে লাঞ্ছিত করে মঞ্চ থেকে নামিয়ে দেওয়ার চেষ্টাও করেছেন। এ ব্যাপারে যোগাযোগের চেষ্টা করে সানাউল্লাহ মিয়া ও তোফাজ্জল হোসেনের মুঠোফোন বন্ধ পাওয়া যায়।