চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলা বিএনপিতে কর্তৃত্বের দ্বন্দ্ব চলছে দীর্ঘদিন ধরে। শেষ পর্যন্ত তা সংঘর্ষে গড়াল। সংঘর্ষের কারণে দুই জেলার কর্মিসমাবেশ কার্যত পণ্ড হয়ে যায়।
এ নিয়ে তৃণমূলের নেতা-কর্মীরা ক্ষুব্ধ জেলার নেতাদের ওপর। নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন নেতা বলেন, কর্মিসমাবেশকে ঘিরে দলে চাঙাভাব ফিরে আসে। আগামী নির্বাচনের জন্য নেতা-কর্মীদের তৈরি করার এটি ছিল বড় সুযোগ। কিন্তু নেতারা আছেন মঞ্চ দখল করার প্রতিযোগিতায়।
২ মে নগরের নাসিমন ভবনে বিএনপির দলীয় কার্যালয়ে উত্তর জেলা বিএনপির কর্মিসমাবেশ ছিল। ওই সমাবেশ শুরু হওয়ার আগেই মঞ্চের দখল নিয়ে উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আসলাম চৌধুরী (বর্তমানে কারাবন্দী) ও বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এরপর সভা কার্যত পণ্ড হয়ে যায়। তড়িঘড়ি করে মঞ্চ ছাড়েন নেতারা।
পরদিন ৩ মে পটিয়ায় ইন্দ্রপোল এলাকায় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত দক্ষিণ জেলা বিএনপির কর্মিসমাবেশেও একই ঘটনার পুনরাবৃত্তি হয়। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাধারণ সম্পাদক গাজী মোহাম্মদ শাহাজাহান ও সহসভাপতি এনামুল হকের অনুসারীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এরপর কেন্দ্রীয় নেতারা সমাবেশেই যাননি। এই ঘটনায় পুলিশ এনামুল হকসহ ১৮৮ জনের নাম উল্লেখ করে একটি মামলা করেছে।
জানতে চাইলে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান বলেন, ‘উত্তর ও দক্ষিণ জেলার কর্মিসভায় যা হয়েছে তা নেতৃত্বের প্রতিযোগিতার কারণে। সমস্যা হলেও কর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি জানান দিচ্ছে তারা নির্বাচন এবং আন্দোলন দুটোর জন্যই প্রস্তুত। আর যা হয়েছে তা নিয়ে আমাদের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন নেত্রীর কাছে একটি প্রতিবেদন দেবেন।’
বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরে উত্তর জেলা বিএনপিতে আসলাম চৌধুরী ও গিয়াসউদ্দিন কাদের চৌধুরী মুখোমুখি অবস্থানে রয়েছেন। তাঁদের অনুসারীরাও বিভক্ত। গিয়াস কাদের কেন্দ্রীয় কমিটিতে থাকলেও তিনি উত্তর জেলার নিয়ন্ত্রণও নিজের হাতে রাখতে চান। অন্যদিকে উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আসলাম চৌধুরীর অবস্থান রয়েছে পুরো জেলায়। তবে ওই আহ্বায়ক কমিটির সদস্যসচিব আবদুল্লাহ হাসান আবার গিয়াস কাদেরের অনুসারী।
দলীয় সূত্র জানায়, এই দুই নেতার অনুসারীদের মধ্যে সংঘর্ষের মূল কারণ আধিপত্য বিস্তার করে নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করা। কর্মিসমাবেশে নিজেদের অবস্থানকে সুসংহত দেখাতে গিয়ে সংঘর্ষের সূত্রপাত হয়। এ সময় গিয়াস কাদের ও আসলাম চৌধুরীর পক্ষে পাল্টাপাল্টি স্লোগান দেন অনুসারীরা।
জানতে চাইলে আসলাম চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত উত্তর জেলা যুবদলের সভাপতি কাজী মো. সালাহউদ্দিন বলেন, ‘রাউজান ও হাটহাজারীর নেতা-কর্মীরা ওই ঝামেলা করেছেন। মাঠে তাঁদের কোনো অবস্থান নেই। কেবল মঞ্চ দখল করেই দলে নিজেদের অবস্থান দেখাতে চেয়েছেন।’
অবশ্য উত্তর জেলা বিএনপির সদস্যসচিব আবদুল্লাহ হাসান দোষারোপ করেন আসলাম চৌধুরীর অনুসারীদের। তিনি বলেন, তঁারা এসে অনুষ্ঠানস্থলে ঝামেলা শুরু করেন।
দক্ষিণ জেলা বিএনপির কর্মিসভাও সাধারণ সম্পাদক ও সহসভাপতির আধিপত্য বিস্তারের কারণে কার্যত পণ্ড হয়েছে। ওই সময় গাজী মোহাম্মদ শাহাজাহানের অনুসারীরা এনামুল হকের পক্ষের লোকজনের ওপর হামলা করে বলে অভিযোগ ওঠে। এরপর কেন্দ্রীয় নেতারা আর সভাস্থলে যেতেই পারেননি।
এখানেও দীর্ঘদিন ধরে গাজী শাহাজাহান ও এনামুল হকের মধ্যে নেতৃত্ব নিয়ে কোন্দল, দলাদলি চলে আসছিল। অতীতে বেশ কয়েকবার দুপক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। কর্মিসভায় সংঘর্ষের জন্য এ দুই নেতা পরস্পরকে দোষারোপ করেন।
তবে উত্তর ও দক্ষিণ জেলা থেকে শিক্ষা নিয়ে নগর বিএনপি ৪ মে শান্তিপূর্ণ সমাবেশ করেছে। সমাবেশের আগে থেকেই বারবার করে কোনো নেতার নামে স্লোগান দিতে বারণ করা হচ্ছিল। জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমান ছাড়া অন্য কোনো নেতার নামে স্লোগান দেওয়া কঠোরভাবে নিষেধ ছিল। এ কৌশল শেষ পর্যন্ত কাজ দিয়েছে। তাই শান্তিপূর্ণভাবে নগরের কর্মিসভা শেষ হয়।
নগর বিএনপির সভাপতি শাহাদাত হোসেন বলেন, ‘আমাদের মধ্যে কোনো দ্বিধাবিভক্তি নেই। আমরা সবাই এক। সবার চেষ্টায় কর্মিসভা শান্তিপূর্ণ হয়েছে।’